শেখ রাসেল ছাড়লেন মারুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারতে হারতে পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে পাঁচ হার, এক ড্র। আত্মবিশ্বাসের তলানিতে চলে যাওয়া এক দল নিয়ে গেলেন ভুটান। সেখানে এএফসি কাপের প্লে-অফের বাছাইয়ে ভালো করার সুযোগ ছিল। কিন্তু প্রথম ম্যাচ ড্র করে পরের ম্যাচে হেরে বিদায়। সেই হতাশা নিয়ে কাল দেশে ফিরে বিমানবন্দরেই পদত্যাগ করলেন মারুফুল হক। ছেড়ে দিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রধান কোচের পদ।

এবার ঘরোয়া ফুটবলে সবচেয়ে বড় বাজেটের দল পেয়েছেন মারুফ। কিন্তু খেলোয়াড়দের চোট আর বাজে ফর্মের কারণে মাঠের ফল ব্যর্থতায় মোড়ানো।  স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের সেমিফাইনালে বিদায়। এরপর লিগের শুরুতেই ভরাডুবি। মৌসুমে শেখ রাসেল তাঁর অধীনে ১৮ ম্যাচ খেলে জিতেছে মাত্র ৫টি। হার ৯, ড্র ৪।

মারুফের সরে যাওয়া তাই সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। কাল বিকেলে সেটা তিনি বাস্তবে রূপ দিলেন শেখ রাসেলের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ সালেহ জামান সেলিমের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে। একসঙ্গেই তাঁরা ভুটান থেকে ফিরেছেন। সেলিম পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, ‘দলের ব্যর্থতার দায় কোচ একাই নিয়েছেন। উনি অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। এখন এটা বোর্ড দেখবে।’

নতুন কোচও ভেবে রেখেছে শেখ রাসেল। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লিগে প্রথম তিন-চারটি ম্যাচ হারের পরই শেখ রাসেলের শীর্ষ কর্মকর্তা দলের দায়িত্ব নিতে অনুরোধ করেন শফিকুল ইসলাম মানিককে। মানিক তাতে সাড়া দিয়েছেন। কোনো নাটক না হলে মানিকই হতে যাচ্ছেন শেখ রাসেলের পরবর্তী কোচ।