শেখ রাসেল, না চট্টগ্রাম আবাহনী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের মৌসুমে অবনমনের লড়াইয়ে থাকা চট্টগ্রাম আবাহনী এই মৌসুমে অন্য চেহারায়। বড় বাজেটের দল গড়ে মৌসুম শুরুর আগেই জিতেছে শেখ কামাল আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট। সার্বিয়া থেকে উড়িয়ে এনেছে কোচ জোসেফ পাভলিককে। লক্ষ্য—মৌসুমের সব কটি শিরোপা ঘরে তোলা। সেই লক্ষ্যের প্রথম ধাপে আজ তারা মাঠে নামবে স্বাধীনতা কাপের ফাইনালে উঠতে। সেমিফাইনালের প্রতিপক্ষ শক্তিশালী শেখ রাসেল ক্রীড়া চক্র।
‘বি’ গ্রুপ থেকে ৫ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল। গ্রুপের শেষ ম্যাচে হেরেছে আবাহনীর কাছে। গ্রুপ পর্বের ভুলগুলো আর নকআউট পর্বে এসে করতে চান না কোচ মারুফুল হক, ‘এখন পর্যন্ত দলের পারফরম্যান্সে আমি মোটেও খুশি নই। এটা যেহেতু সেমিফাইনাল ম্যাচ, একটু চাপ থাকবেই। তারপরও আমরা ফাইনালে উঠতে চাই।’
‘এ’ গ্রুপের রানার্সআপ চট্টগ্রাম আবাহনীরও পয়েন্ট ১০। তারাও ৫ ম্যাচে ৩টিতে জিতেছে, ড্র ১টি। হারও একটি। গ্রুপের শেষ ম্যাচে মোহামেডানের কাছে হেরেছিল ৫-০ গোলে। তবে সেই দুঃস্বপ্ন ভুলে চট্টগ্রাম আবাহনীর কোচ জোসেফ পাভলিক তাকাচ্ছেন সামনে, ‘এটা সত্যি যে শেষ দুটি ম্যাচ ছেলেরা খুবই বাজে খেলেছে। তবে এই ম্যাচে সেই ভুল শুধরে সামনে এগিয়ে যেতে হবে। জয়ের কোনো বিকল্প নেই।’