এক দিন আগে এশিয়ান গেমসে আশাভঙ্গের বেদনায় পুড়েছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ হারিয়েছেন মামুনুলরা। আন্তর্জাতিক ফুটবলে আরেকটা ইতিহাসের বাঁকে দাঁড়িয়ে বাংলাদেশের ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র। কলম্বোয় আজ উত্তর কোরিয়ার ক্লাব রিমিয়ংসুকে হারাতে পারলেই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্লাবকে দেখা যাবে এএফসি প্রেসিডেন্টস কাপের ফাইনালে।
দুই গ্রুপের চ্যাম্পিয়ন দুই দল খেলবে ফাইনাল। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে মঙ্গোলিয়ার আর্চিম ক্লাবকে হারিয়ে ফাইনালে ওঠার স্বপ্নটাতে আরও রং লাগিয়েছে শেখ রাসেল। আজকের ম্যাচটা তাই রূপ নিয়েছে অলিখিত ‘সেমিফাইনালে’।
গ্রুপের অন্য ম্যাচে রিমিয়ংসু পরশু ৫-০ গোলে হারিয়েছে আর্চিমকে। ফাইনালে যেতে আজ তাই জয়ের বিকল্প নেই গতবারের ট্রেবলজয়ীদের। অধিনায়ক মিঠুন চৌধুরী পুরো দলের হয়ে বলেছেন, ‘সবার কাছে আমার একটাই বার্তা, এই ম্যাচটা জিততে চাই দেশের জন্য।’ রিমিয়ংসু ক্লাব সম্পর্কে আগে থেকে কোনো ধারণাই ছিল না মিঠুনদের। পরশু মাঠে বসে আর্চিম-রিমিয়ংসু ম্যাচটা দেখায় কিছুটা ধারণা হয়েছে। মাঠে নামার আগে একটা জায়গায় একটু এগিয়ে শেখ রাসেল। দুই ম্যাচের মাঝখানে তিন দিন বিরতি পেয়েছে তারা, রিমিয়ংসু যেখানে পেয়েছে মাত্র এক দিন। কোচ জাকারিয়া বাবু জয়ের ব্যাপারে খুব আশাবাদী, ‘প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিজেদের খেলাটা খেলতে পারলে জয় পাওয়াটা কঠিন হবে না আমাদের।’
কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়।