শেখ রাসেলকে হারিয়ে বারিধারার অঘটন

টেলিভিশনের পর্দায় বেশ কয়েকবার ভেসে উঠল মারুফুল হকের হতাশা মোড়ানো মুখ। একটু ক্ষুব্ধও দেখাচ্ছিল শেখ রাসেলের কোচকে। খেলা শেষের মিনিট খানেক আগে রেফারির দেওয়া অফসাইডের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে কোচ-কর্মকর্তারা পারলে মাঠেই ঢুকে যান। ম্যাচ শেষে সহকারী রেফারিকে ঘিরে ধরেন শেখ রাসেলের খেলোয়াড়েরা। পরে অবশ্য পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। শেখ রাসেলের জন্য প্রিমিয়ার ফুটবল লিগের শুরুটা এমন হতাশার হবে কে জানত! চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আজ কাগজে-কলমে অনেক শক্তিশালী শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে দুর্বল উত্তর বারিধারা। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন ডিফেন্ডার খালেকুজ্জামান সবুজ।
মাত্রই এক মৌসুম পর চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ারে উঠেছে উত্তর বারিধারা। বড় বাজেটের দল শেখ রাসেলকে হারিয়ে দেবে, খেলা শুরুর আগে এটা হয়তো পারেনি উত্তর বারিধারা! তবে শেখ রাসেলের খেলায় কোনো পরিকল্পনার ছাপ ছিল না। মিডফিল্ডার আতিকুর রহমান মিশু বক্সে একাধিকবার ঢুকেও খেই হারিয়ে ফেলেছেন। অন্যতম ভরসা নাম পল এমিলিরও যেন ফর্ম নেই। পিছিয়ে পড়া অবস্থায় শেখ রাসেল শেষ দিকে কয়েকটি ভালো আক্রমণ করেছে। কিন্তু তা থেকে গোল বের করতে না পেরে পয়েন্ট খুইয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছে।
মৌসুমটাই যেন ভালো যাচ্ছে না শেখ রাসেলের। এর আগে স্বাধীনতা কাপের সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে। ফেডারেশন কাপেও সেমিফাইনালে হারতে হয়েছে ঢাকা আবাহনীর কাছে। আর পেশাদার লিগের শুরুতেই হারল দুর্বল এক দলের কাছে।