শেখ রাসেলে এলেন ফিকরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সি গায়ে তাঁকে প্রথম দেখেছেন বাংলাদেশের ক্লাব কর্মকর্তারা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) প্রথম আসরেই নজরকাড়া ইথিওপিয়ান স্ট্রাইকারকে পাওয়ার চেষ্টাও করেছিল শেখ জামাল ধানমন্ডি। কিন্তু ফিকরু তেফেরা লিমাসা বাংলাদেশের শীর্ষ ক্লাবটিকে ‘না’ বলেন। তবে শেখ রাসেলে খেলতে গতকাল ঢাকায় এসেছেন ইথিওপিয়া জাতীয় দলের হয়ে ৩০ ম্যাচে ১০ গোল করা এই স্ট্রাইকার। শেখ রাসেল কর্মকর্তারা জানিয়েছেন, তাঁকে পরখ করার কিছু নেই। তারপরও কয়েক দিন ট্রায়ালে থাকতে রাজি হয়েছেন।
৩০ বছর বয়সী ফিকরুর মাসিক পারিশ্রমিক ১২ হাজার ডলার বলে শোনা যাচ্ছে। তবে শেখ রাসেলের এক কর্মকর্তার তথ্য, অঙ্কটা হতে পারে ৮ থেকে ১০ হাজার ডলার। হাইতিয়ান প্লে-মেকার সনি নর্দের পর ফিকরু ঢাকার মাঠ মাতাবেন এমনই আশা শেখ রাসেলের কর্মকর্তাদের। ৬ ফুট উচ্চতার স্ট্রাইকার আইএসএলে কলকাতার হয়ে ১২ ম্যাচে ৫ গোল করেন। গতবার খেলেছেন চেন্নাই এফসিতে।