মালয়েশিয়ায় এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বের গ্রুপিং হলো গত পরশু। এ পর্বে ছয়টি দল খেলছে দুই গ্রুপে ভাগ হয়ে। দুই গ্রুপ চ্যাম্পিয়ন ফাইনালে খেলবে ২৬ সেপ্টেম্বর। তার আগে ২০-২২ সেপ্টেম্বর কলম্বোতেই হবে গ্রুপের খেলা। বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র ২০ সেপ্টেম্বর খেলবে মঙ্গোলিয়ার সাতবারের লিগ চ্যাম্পিয়ন এফসি আর্চিনের সঙ্গে, ২২ সেপ্টেম্বরের প্রতিপক্ষ উত্তর কোরিয়ার রিম ইয়ং সু। অন্য গ্রুপে খেলছে শ্রীলঙ্কার বিমানবাহিনী, তুর্কমেনিস্তানের এইচ টি টি ইউ ও নেপালের মানাং মাচিংগি।
প্রাথমিক পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উঠে আসে শেখ রাসেল। এখন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তবে মঙ্গোলিয়ার দলটা তুলনামূলক সহজ হলেও উত্তর কোরিয়ার রিম ইয়ং শক্ত প্রতিপক্ষই। ঘরোয়া লিগে এবার যে অবস্থায় দেখা গেল শেখ রাসেলের, তাতে খুব ভালো কিছু আশা করা বাড়াবাড়িই শোনাবে। গতবার ট্রেবল জেতা দলটি এ মৌসুমে কোনো ট্রফি দূরে থাক, ট্রফির লড়াইয়েই ছিল না। চ্যাম্পিয়ন দলটা ভেঙে গেছে আগেই। কোচ বিদায় হয়েছে দুজন। সব মিলিয়ে এএফসি প্রেসিডেন্টস কাপটা শেখ রাসেলের জন্য বড় এক চ্যালেঞ্জই।