
শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উপলক্ষে কাল গ্যালারিতে ছুড়ে দেওয়া হলো ৫৩টি ফুটবল। শেখ রাসেল ক্লাবের এই আনন্দময় সময়টা থাকল ম্যাচ শেষেও। লিগ চ্যাম্পিয়ন শেখ জামালকে ১-০ গোলে হারিয়ে কাল লিগে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে শেখ রাসেল। ডিফেন্ডার নাসিরুল ইসলাম করেছেন মহামূল্যবান গোলটি।
এটি যেন অলক্ষ্যে প্রতিশোধের ম্যাচও ছিল শফিকুল ইসলাম মানিকের জন্য। লিগ শুরুর আগের দিন হঠাৎ শেখ জামালের কোচের চেয়ার থেকে তাঁকে সরিয়ে দিল ক্লাব। সেই প্রতিশোধ যেন নিলেন এই জয়ে!
আকাশে উড়তে থাকা শেখ জামাল পরপর দুটি ম্যাচে হেরে প্রথম পর্ব শেষ করল। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান স্বাভাবিকভাবেই পিছিয়েছে। শীর্ষ স্থান থেকে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শেখ জামাল এখন চারে। ১০ ম্যাচে ২২ পয়েন্ট সবার ওপরে থাকা রহমতগঞ্জের, দুইয়ে থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২১। ২০ পয়েন্ট নিয়ে তিনে ঢাকা আবাহনী।
১১ ম্যাচে ৮ পয়েন্ট হলো শেখ রাসেলের। নবম ম্যাচে দলটি প্রথম জয় পায় মোহামেডানের বিপক্ষে, সিলেটে। গত ম্যাচে আবার হারে আরামবাগের কাছে। কাল শেখ জামালের আক্রমণভাগের অন্যতম বড় অস্ত্র ল্যান্ডিং তিন হলুদ কার্ডে না খেলায় শেখ রাসেলের জন্য সুবিধাই হয়েছে। প্রধান স্ট্রাইকার ওয়েডসন চেষ্টা করলেও গোলের দেখা মেলেনি। ওয়েডসন গোল না পেলে শেখ জামালের পক্ষে জেতা আসলে কঠিনই।
শুরু থেকেই শেখ রাসেলকে দেখাল আক্রমণাত্মক। ১৬ মিনিটেই পেল ম্যাচের একমাত্র গোল। শাহেদের বাড়িয়ে দেওয়া বল অফসাইডের ফাঁদ এড়িয়ে নাসির ঢুকে পড়েন বক্সে। গোলরক্ষক মাজহারুলের দুই পায়ের ফাঁক দিয়ে বল ঢোকান জালে (১-০)। এরপর ম্যাচে ফেরার চেষ্টায় শেখ জামালের রাকিবের বাঁ পায়ের জোরালো শট সাইড পোস্টে লেগে ফেরে।
৬০ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে দারুণ ফ্রি-কিক নেন ওয়েডসন। কিন্তু তাঁর রংধনু শট আটকে দিলেন শেখ রাসেলের গোলরক্ষক জিয়া। কিন্তু ওই শটটি ঠেকাতে গিয়ে জিয়ার ঠাঁই হয়েছে হাসপাতালে। লাফ দেওয়ার সময় ভারসাম্য রাখতে না পেরে গোলপোস্টের ভেতরে পড়ে যান। পোস্টের পেছনের স্ট্যান্ডের সঙ্গে ধাক্কা লাগায় ঘাড়ে আঘাত পান জিয়া। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাঁকে। ম্যাচের বাকি সময় শেখ রাসেলের পোস্ট সামলেছেন বদলি গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য।