ম্যাচ শুরুর আগে ভারী বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ হয়ে পড়ে খানিকটা কাদাময়। ফুটবলারদের পা থেকে হারিয়ে যায় ছন্দময় খেলা। অবশ্য দুই দলের কাছে বেশি প্রয়োজন ছিল তিন পয়েন্ট।
বিশেষ করে রানার্সআপ লড়াইয়ে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না আবাহনীর সামনে। পূরণ হয়েছে আবাহনীর সেই লক্ষ্য। শক্ত প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়াচক্রকে পাড়ার দল বানিয়ে ৫–১ গোলে উড়িয়ে আবাহনী আজ হাসিমুখে ছেড়েছে বঙ্গবন্ধু স্টেডিয়াম।
গোল উৎসবের সূচনা করেছিলেন সানডে সিজোবা। ইতিও টানেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। মাঝখানে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগস্তোর জোড়া গোল। বাকি গোলটি হাইতির ফরোয়ার্ড কারভেন্স বেলফোর্টের। তিন বিদেশি মিলে শেখ রাসেলকে এভাবে গুঁড়িয়ে দেবে প্রথমার্ধ শেষেও ভাবা যায়নি। সাইফুল বারীর দলের রক্ষণ শেষ দিকে ভেঙে পড়ে তাসের ঘরের মতো।
এই জয়ে রানার্সআপ হওয়ার আশা বেঁচে থাকল সোহেল রানাদের। ২১ ম্যাচে শেখ জামালের ৪৫ পয়েন্টের বিপরীতে ২২ ম্যাচে আবাহনীর ৪৩। বাকি ৩ ম্যাচের ২টি জিতলেই অবশ্য রানার্সআপ হয়ে যাবে শেখ জামাল। আবাহনী বাকি ২ ম্যাচে পয়েন্ট হারালে শেখ জামালের কাজটা হয়ে যাবে আরও সহজ।
চোটের কারণে আবাহনীর জার্সিতে গত ম্যাচে ছিলেন না সানডে। মাঠে ফিরে দলের প্রত্যাশা মিটিয়েছেন আজ। শুরু থেকে আক্রমণে বেলফোর্ট, রাফায়েলদের সঙ্গে সানডে বল দেওয়া–নেওয়া করছিলেন শেখ রাসেল বক্সের সামনে। কখনো কখনো ঢুকে পড়ছিলেন বিপৎসীমানায়। ৩২ মিনিটে পেয়েছেন ম্যাচের প্রথম গোল। বক্সে ঢুকে সানডের শট প্রথমে শেখ রাসেলের অভিজ্ঞ গোলকিপার আশরাফুল ইসলামের গায়ে লেগে ফেরত আসে। সানেডের ফিরতি শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।
প্রথমার্ধের শেষ দিকে ১–১ হতে পারত। ডিফেন্ডার রায়হান হাসান গোললাইন থেকে বাঁচান আবাহনীকে। তবে ৫৫ মিনিটে সমতা আসে ম্যাচে। শেখ রাসেলের কিরগিজ মিডফিল্ডার বখতিয়ারের কর্নার থেকে বল ঘুরছিল আবাহনীর বক্সে। শেষ পর্যন্ত গোল লাইনের এক-দেড় গজ সামনে থেকে তাজিক ডিফেন্ডার আশরারভ আলতো টোকায় বল ঠেলেন জালে। আবাহনী এ সময় অফসাইড ভেবে দাঁড়িয়ে পড়েছিল। সর্বশেষ ৫ ম্যাচে এটি আবাহনীর জালে ১১তম গোল।
৭০ মিনিটে সানডের ঠেলে দেওয়া বল বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ২–১ করেন রাফায়েল। বল জালে যাওয়ার আগে শেখ রাসেলের ডিফেন্ডার রুস্তমের গায়ে হালকা ছোঁয়া নিয়ে জলে যায়। ফলে গোলকিপার আশরাফুল ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি।
৮০ মিনিটে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে ৩–১ করেন বেলফোর্ট। শেষ দিকে রক্ষণ জমাট রাখতে মামুন মিয়া ও ওয়ালী ফয়সালকে মাঠে পাঠান আবাহনী কোচ মারিও লেমোস। তবে গোল খাওয়া নয়, ৮৮ মিনিটে ৪-১ করেন রাফায়েল। যোগ করা সময়ে সানডের গোলে ৫-১।
আগের ৫ ম্যাচে আবাহনীর ২টি করে জয় ও হার, ১টি ড্র। এই ৫ ম্যাচে তাদের অর্জন মাত্র ৭ পয়েন্ট। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২–০ গোলে জয়ের পর কোরবানির ঈদের ঠিক আগে মুক্তিযোদ্ধার কাছে ২–৪ গোলে হার। ঈদ শেষে প্রথম ম্যাচে শেখ জামালের সঙ্গে ২–২। এরপর দুর্বল আরামবাগকে ৬–১ গোলে উড়িয়ে গত ম্যাচে আবার হারের হতাশা। এবার সাইফের কাছে ২–৩ গোলে হার। সেই হারের বৃত্ত থেকে আজ দারুণভাবে বেরিয়ে আসতে পারা আকাশি নীলের জন্য খানিক স্বস্তিরই।