
কী যে হলো শেখ রাসেল ক্রীড়াচক্রের! কোনো কিছুতেই কিছু হচ্ছে না। প্রথম চার ম্যাচ টানা হারের পর পঞ্চম ম্যাচে বিজেএমসির সঙ্গে ড্র দেখে অনেকেই ভেবেছিলেন, এবার বুঝি ব্যর্থতার বৃত্ত ভাঙবে দলটি। কিন্তু সেটা ছিল হারের সাময়িক বিরতি। কাল আবার হারল শেখ রাসেল। এবার মুক্তিযোদ্ধার কাছে ২-০ গোলে।
চট্টগ্রাম ও ময়মনসিংহে পাঁচ রাউন্ড শেষে প্রিমিয়ার লিগ ঢাকায় ফিরলেও ভাগ্য বদলায়নি শেখ রাসেলের। নইলে ১১ মিনিটে কেন ওভাবে রক্ষণের তালগোলে গোল খাবে দলটি! তৌহিদুলের বাড়ানো বল শেখ রাসেলের ডিফেন্ডার মিন্টু শেখ গা-ছাড়াভাবে ক্লিয়ার করতে গেলেন, বল তাঁর পায়ে লেগে জালে।
মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড জাবেদ খান ২৬ মিনিটে করেন ২-০। নাইজেরিয়ান স্ট্রাইকার কোলো মুসার বাড়িয়ে দেওয়া বল জাবেদের দারুণ প্লেসিংয়ে জালে। মুক্তিযোদ্ধা গোল পেতে পারত আরও কয়েকটি। মুসা ফাঁকা পোস্টে বার দুয়েক বাইরে মেরেছেন। একবার বল লেগেছে পোস্টে। মুক্তিযোদ্ধার কোচ আবদুল কাইয়ুম সেন্টু তাই তো ম্যাচ শেষে হিসাব করে বললেন, ‘অন্তত ছয়টি গোল করা উচিত ছিল আমাদের।’
মৌসুমের সবচেয়ে দামি দলটির রক্ষণ কতটা বালুর বাঁধ হলে মুক্তিযোদ্ধার মতো দল ৬ গোলে জেতার কথা বলে! শেখ রাসেল দলটা এখন এমনই ছন্নছাড়া যে, গোলের ভালো সুযোগও তৈরি করতে পারছে না। তার ওপর মৌসুমে এই প্রথম কোনো বিদেশি খেলোয়াড় ছাড়া দল সাজান কোচ মারুফুল হক। কিন্তু সুযোগ পেয়েও স্থানীয়রা ব্যর্থ। ব্যর্থতার কাসুন্দি বলতে বলতে ক্লান্ত শেখ রাসেলের কোচ মারুফ তাই সংবাদ সম্মেলনেও আসেননি।
তবে হারের দুঃখে কাতর হয়ে থাকলে চলছে না। আজই ভুটান যাবে শেখ রাসেল। এএফসি কাপের প্লে-অফের বাছাইয়ে ২৩ আগস্ট থিম্পুতে চীনা তাইপের তাতুং এএফসি ও ২৫ আগস্ট ভুটানের টারটনস দলের সঙ্গে খেলা। গ্রুপসেরা হলে মূল প্লে-অফ পর্বে যাওয়ার সুযোগ আছে।
সে লক্ষ্যে দলের শক্তি বাড়াতে অতিথি খেলোয়াড় হিসেবে নেওয়ার কথা চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার নাসির চৌধুরী, ফরোয়ার্ড ইব্রাহিম ও রুবেল মিয়া এবং শেখ জামালের ডিফেন্ডার ইয়াসিনকে। তবে মনে হয় না এই ছন্নছাড়া দল কিছু করতে পারবে দেশের বাইরে।
হারতে হারতে আরও গর্তে ঢুকে যাওয়া শেখ রাসেল ছয় ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতেই আছে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কাল বিকেলে এককভাবে শীর্ষে ছিল মুক্তিযোদ্ধা।
তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে বিজেএমসিকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় মুক্তিযোদ্ধার পাশে বসে গেছে শেখ জামাল। চ্যাম্পিয়নদের প্রথম গোলটি শিহাবের। পরের দুটি ওয়েডসনের। পেনাল্টি থেকে ১-১ করেন বিজেএমসির স্যামসন ইলিয়াসু। ৩-২ হওয়া গোলটিও তাঁর। ৬ ম্যাচে চার ছয়ে ৪ পয়েন্ট বিজেএমসির এটি দ্বিতীয় হার।
আজকের খেলা
উত্তর বারিধারা-ফেনী সকার, চট্টগ্রাম আবাহনী-রহমতগঞ্জ (বিকেল ৪-৩০ ও সন্ধ্যা ৭-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।