চূড়ান্ত পর্বে তিন দলের গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলেই ফাইনাল। আর শিরোপার মঞ্চে যেকোনো কিছুই হতে পারে। প্রথমবারের মতো এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে ওঠা শেখ রাসেল ক্রীড়াচক্রকে শিরোপাই হাতছানি দিচ্ছে। এর আগে এএফসির কোনো ক্লাব টুর্নামেন্টের শিরোপা দূরে থাক, বাংলাদেশের কোনো ক্লাব চূড়ান্ত পর্বে ম্যাচই জেতেনি!
প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে ৬ দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ‘বি’ গ্রুপে শেখ রাসেলের সঙ্গী মঙ্গোলিয়ার ক্লাব আর্চিম ও উত্তর কোরিয়ার রিমিওংসু। কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে ২০ সেপ্টেম্বর আর্চিমের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু শেখ রাসেলের চূড়ান্ত পর্বের অভিযান। ২৪ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ রিমিওংসু। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দুই দল ফাইনাল খেলবে ২৬ সেপ্টেম্বর।
ইতিহাসে নির্মাণের এই সুযোগ কি কাজে লাগাতে পারবে শেখ রাসেল? বলাটা কঠিন। কারণ গত মে মাসে যে দলটি চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে শ্রীলঙ্কা থেকে, সেই দলের অর্ধেক খেলোয়াড়ই অন্য দলে যোগ দিয়েছে। এমনিতেই শক্তি খর্ব, অন্য ক্লাব থেকে খেলোয়াড় ধার করে যেতে হচ্ছে, তার ওপর সব খেলোয়াড়কে একসঙ্গে অনুশীলনে পাননি ভারপ্রাপ্ত কোচ জাকারিয়া বাবু।
শেখ রাসেল আবাহনী থেকে ধারে নিয়েছে ওয়ালী ফয়সাল ও শাহেদকে, মোহামেডান থেকে এমিলি, জাহিদ, মামুন খান ও নাহিদকে। তবে এঁদের কাউকেই নিয়মিত অনুশীলনে পাননি কোচ। ক্লাবের বিনা অনুমতিতে শেখ রাসেলের অনুশীলনে গিয়ে কারণ দর্শাও নোটিশ পান মোহামেডানের খেলোয়াড়েরা। আবাহনী ছাড়েনি ওয়ালী ও শাহেদকে। আর জাতীয় অনূর্ধ্ব-২৩ দলে চোটগ্রস্ত মিশুর বদলি হিসেবে হঠাৎই ডাক পেয়ে এশিয়ান গেমসে খেলতে ইনচনে গেছেন জাহিদ।
একে তো পর্যাপ্ত অনুশীলন নেই, পছন্দের খেলোয়াড়ও পাওয়া যায়নি। এরপর জন্ডিস থেকে মাত্রই সেরে উঠে ম্যাচ ফিটনেস ফিরে পেতে লড়াই করছেন স্ট্রাইকার মিঠুন চৌধুরী। চোট আছে আনোয়ারেরও। এই দল নিয়ে স্বাভাবিকভাবেই আশাবাদী হতে পারেন না কোচ জাকারিয়া বাবু, ‘ভালো কিছু করার প্রথম শর্তই হলো অনুশীলনের জন্য পর্যাপ্ত খেলোয়াড় পাওয়া। কিন্তু আমার হাতে তেমন কেউ ছিল না। তবুও এদের নিয়েই সর্বোচ্চ চেষ্টা করব।’
মুক্তিযোদ্ধার এনকোচা কিংসলে ও আগের মৌসুমে শেখ রাসেলে খেলা সার্বিয়ার বোয়ান প্যাট্রিককে নিয়ে যাচ্ছে শেখ রাসেল। প্রধান গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য শেখ রাসেল ছেড়ে যাওয়ায় তাঁর বিকল্প হিসেবে নিয়েছে মোহামেডানের মামুন খানকে।
প্রিমিয়ার লিগে স্থানীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মিঠুন চৌধুরী প্রেসিডেন্টস কাপের প্রথম পর্বে ছিলেন দারুণ উজ্জ্বল। শ্রীলঙ্কায় করেছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল। সেই মিঠুনই চূড়ান্ত পর্বে খেলতে এবার শ্রীলঙ্কা যাচ্ছেন হতাশা নিয়ে, ‘আমরা একসঙ্গে অনুশীলনই করতে পারিনি। এটা তো খ্যাপের খেলা না। আন্তর্জাতিক টুর্নামেন্ট। প্রতিপক্ষ সম্পর্কেও কোনো ধারণা নেই। হতাশা নিয়েই শ্রীলঙ্কা যেতে হচ্ছে। তবুও সর্বোচ্চ চেষ্টাই করব।’
শেখ রাসেলের অবস্থা যত সঙিনই হোক, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কিন্তু তাদের ব্যাপারে আশাবাদী। শেখ রাসেলের কলম্বোযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাল কাজী সালাউদ্দিন বললেন, ‘আশা করি প্রথম পর্বের মতোই ওরা ভালো ফল নিয়ে দেশে ফিরবে।’
এই টুর্নামেন্টে শেখ রাসেলকে পৃষ্ঠপোষকতা করছে মার্কেন্টাইল ব্যাংক।