শেখ রাসেলের শুভ সূচনা

এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্ব জয় দিয়ে শুরু করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। আজ কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গোলিয়ার আর্চিম ক্লাবকে তারা হারিয়েছে ১-০ গোলে। ম্যাচের ৬৬ মিনিটের সময় নাইজেরীয় ফুটবলার এনকোচা কিংসলে জয়সূচক গোলটি করেন।
কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে জয়ের জন্য প্রথম থেকেই মরিয়া ছিল শেখ রাসেল। ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেছে তারাই। কিন্তু বাংলাদেশের ফুটবলের চিরাচরিত সেই স্ট্রাইকিং দুর্বলতা, আজকের ম্যাচেও প্রকট হয়ে উঠেছিল। কিংসলে গোল করতে না পারলে হয়তো এই ম্যাচেও আফসোস নিয়ে মাঠ ত্যাগ করতে হতো শেখ রাসেলকে। তবে ভাগ্য ভালো, তেমন কিছু ঘটেনি।
প্রথমার্ধেই শেখ রাসেলকে বেশ কয়েকবার চোখ রাঙিয়েছে আর্চিম। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় তারাও পারেনি প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে। দ্বিতীয়ার্ধে গোলের নেশায় আর্চিমকে একটু যেন বেশিই চেপে ধরেছিল শেখ রাসেল। এই অর্ধে আর্চিমের রক্ষণের ভুলে একটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন সোহেল রানা। ৬৬ মিনিটে রাসেল জয়সূচক গোলটি পেয়ে যায় একটি সেট পিস থেকে।
বক্সের ডানপ্রান্ত থেকে বল নিয়ে ঢুকতেই জাহিদ হাসান এমিলিকে ফাউল করেন আর্চিমের রক্ষণভাগের খেলোয়াড়। বিপৎজনক জায়গায় পাওয়া ফ্রি-কিকের সুযোগটি ভালোই কাজে লাগান কিংসলে। এমিলির নিখুঁত ক্রস গোলপোস্টের মুখে উড়ে এলে উঁচুতে লাফিয়ে কিংসলে তা জড়িয়ে দেন আর্চিমের জালে। গোল করে এগিয়ে যাওয়ার পর আর্চিমের গোলমুখে আরও কয়েকটি আক্রমণ চালিয়েছিল শেখ রাসেল। তবে সেগুলো থেকে গোলের সংখ্যা বাড়াতে না পারলেও রক্ষণটাকে কিন্তু ঠিকই আঁটসাঁট বানিয়ে রেখেছিলেন রাসেলের রক্ষণসেনারা।
প্রথম ম্যাচটি উৎরে যাওয়ার পর রাসেলের লক্ষ্য এখন দ্বিতীয় ম্যাচের দিকে। ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই ম্যাচেই মূলত কঠিন পরীক্ষায় নামতে হবে তাদের। প্রতিপক্ষ শক্তিশালী উত্তর কোরিয়ার ক্লাব রিমিয়ংসু। এই ম্যাচটি জিতলে এএফসি প্রেসিডেন্টস কাপের ফাইনালে খেলার গৌরব অর্জন করবে শেখ রাসেল। সূত্র: এএফসি ওয়েবসাইট।