শেখ রাসেলের শুভসূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের আনন্দে মেতে উঠলেন শেখ রাসেলের খেলোয়াড়েরা। কাল কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে  l ছবি: বাফুফে
গোলের আনন্দে মেতে উঠলেন শেখ রাসেলের খেলোয়াড়েরা। কাল কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে l ছবি: বাফুফে

মুক্তিযোদ্ধা থেকে ধারে এনকোচা কিংসলেকে কলম্বো নিয়ে গেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। ‘অতিথি’ খেলোয়াড় হিসেবে ঢুকে নাইজেরিয়ান স্ট্রাইকার প্রথম ম্যাচেই নায়ক হয়ে গেলেন। এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে তাঁর একমাত্র গোলেই মঙ্গোলিয়ার আর্চিম এফসিকে হারিয়েছে শেখ রাসেল।

কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে জয়সূচক গোলটি আসে ৬৫ মিনিটে। মিঠুন চৌধুরীর ফ্রি-কিকে কিংসলের লক্ষ্যভেদী হেড। এই গোল ছাড়াও আরও একবার আর্চিমের জালে বল জড়িয়েছে শেখ রাসেল। কিন্তু এমিলির শট জালে যাওয়ার আগে বেজেছে রেফারির বাঁশি।

জয় পেলেও শেখ রাসেল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। কাগজে-কলমে এগিয়ে থাকলেও তারা আর্চিমের সঙ্গে ব্যবধানটা তুলে ধরতে পারেনি। যা নিয়ে ম্যাচের পর অসন্তুষ্টই ছিলেন কোচ জাকারিয়া বাবু, ‘দলের পারফরম্যান্সে মোটেও খুশি নই। দুপুর ১টায় খেলা হওয়ায় গরমে ছেলেরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি।’

এই আর্চিমের কাছেই গত এএফসি প্রেসিডেন্টস কাপে আবাহনী হেরেছিল ১-০ গোলে। সে হিসেবে শেখ রাসেলের জয়টা প্রশংসনীয়। তা যেভাবেই আসুক না কেন! এই জয়ে স্বপ্নপূরণের পথেই আছে বাংলাদেশের অন্যতম শীর্ষ দলটি। ২৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার রিমিয়ংসুকে হারাতে পারলে এএফসি প্রেসিডেন্টস কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়বে শেখ রাসেল।

কিন্তু কাজটা অনেক কঠিন। উত্তর কোরিয়া বিশ্বকাপ খেলেছে, এই দেশের শীর্ষ ক্লাব দলের শক্তি কতটা তা অনুমান করাই যায়। তার পরও শেখ রাসেলের অধিনায়ক মিঠুন চৌধুরী আশা ছাড়ছেন না। কলম্বো থেকে কাল টেলিফোনে বললেন, ‘আমরা ফাইনালে ওঠার আত্মবিশ্বাস পেয়েছি আর্চিমকে হারিয়ে। উত্তর কোরিয়ার দলটিকে এখন হারাতে চাই। ফাইনালে উঠতে পারলে কে বলতে পারে চ্যাম্পিয়ন হয়ে যাব না!’

স্বপ্নপূরণে শেখ রাসেলকে প্রায় অসম্ভবকে সম্ভব করতে হবে বলেন মনে করছেন কোচ জাকারিয়া বাবু। দলের পারফরম্যান্সে উন্নতি ঘটানোর বিকল্প দেখছেন না তিনি। আর্চিমের সঙ্গেই জয় পেতে ঘাম ঝরলে রিমিয়ংসু ম্যাচে কী হবে কোচ সেটি অনুমান করতে পারেন, ‘খুব ভালো না খেললে উত্তর কোরিয়ার দলটির সঙ্গে পেরে ওঠা কঠিন।’