শেখ রাসেলের সামনে আর্চিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ছাড়ার আগে শেখ রাসেল ক্রীড়াচক্রের অধিনায়ক মিঠুন চৌধুরী শুনিয়ে গেছেন আশার কথা। অন্তত ফাইনালে খেলার স্বপ্ন শেখ রাসেলের এই স্ট্রাইকারের। সেই লক্ষ্যেই আজ এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে দাঁড়াবে মঙ্গোলিয়ার ক্লাব আর্চিমের সামনে। খেলা হবে কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে, বাংলাদেশ সময় দুপুর একটায় শুরু হবে খেলা।
ঢাকায় অনুশীলনে দলের সব খেলোয়াড়কে একসঙ্গে কখনোই পাননি ভারপ্রাপ্ত কোচ জাকারিয়া বাবু। তার পরও জয়ে টুর্নামেন্ট শুরু করতে চান তিনি। বাফুফেকে দেওয়া বিবৃতিতে কাল জানিয়েছেন, ‘আমাদের লক্ষ্য ২৬ সেপ্টেম্বরের ফাইনাল। এই লক্ষ্যে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চাই। আমাদের প্রতিপক্ষ কারা, তা নিয়ে ভাবছি না আমরা।’ মঙ্গোলিয়ার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি গতবারও এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলেছে।
শেখ রাসেলের পরের ম্যাচটি ২৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ উত্তর কোরিয়ার দল রিমিয়ংসু। গ্রুপ চ্যাম্পিয়ন দুই দল ২৬ সেপ্টেম্বর মুখোমুখি ফাইনালে।