শেখ রাসেলেরও পর্তুগিজ কোচ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ নিয়ে কিছুদিন ধরে বেশ সমস্যায় আছে শেখ রাসেল ক্রীড়াচক্র। সমস্যা সমাধানে এবার তারা হাত বাড়িয়েছে পর্তুগালে। দুইয়ে দুইয়ে চার মিললে ফার্নান্দো পিরেজ নামের এক পর্তুগিজ কোচ শেখ রাসেলের দায়িত্ব নিতে পারেন।
নতুন কোচের ব্যাপারটা নিয়ে শেখ রাসেলের কেউ ঝেড়ে কাশতে রাজি নন। তবে ক্লাবের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, কর্মকর্তাদের পছন্দের তালিকায় শীর্ষে আছেন পর্তুগিজ কোচ। সংযুক্ত আরব আমিরাতের প্রথম বিভাগের একটা ক্লাবে গত মৌসুমে কাজ করেছেন। তার আগে ওমানে একটা ক্লাব দলের দায়িেত্ব ছিলেন। উয়েফা প্রো লাইসেন্সধারী পিরেজ নাকি শেখ রাসেল কর্মকর্তাদের এমনও বলেছেন, হোসে মরিনহোর সঙ্গে তাঁর ভালো যোগাযোগ আছে। বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডেও নাকি সম্পৃক্ত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শেখ রাসেলের এক কর্মকর্তা বললেন, ‘কোচ নিয়োগের ব্যাপারটি চূড়ান্ত হতে আরও কয়েক দিন সময় লাগবে। আমাদের সঙ্গে বিদায়ী কোচ দ্রাগান দুকানোভিচ যোগাযোগ রাখছেন। ইংল্যান্ডের একজন কোচের জীবনবৃত্তান্তও দেখছি। তবে পর্তুগালের কোচ পিরেজই প্রথম পছন্দ। নতুন কিছু না ঘটলে কয়েক দিনের মধ্যে তাঁর সঙ্গে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।’
সদ্য সমাপ্ত মৌসুমে মোহামেডানে কাজ করে যাওয়া পর্তুগিজ কোচ রুই ক্যাপেলার সঙ্গে কাল পর্তুগালে ফোনে যোগাযোগ করে একই তথ্য জানা গেল। ক্যাপেলা বললেন, ‘আমিও শুনেছি ফার্নান্দো পিরেজের সঙ্গে কথা বলেছে শেখ রাসেল। যত দূর জানি দুই পক্ষের আলোচনা ইতিবাচক। পিরেজ আমার বন্ধু। আমার বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরে তাঁর বাড়ি।’
সদ্য শেষ হওয়া মৌসুমের আগের মৌসুম শেখ রাসেল তিনটি শিরোপা জিতেছিল কোচ মারুফুল হকের অধীনে। সেই চ্যাম্পিয়ন দলটি ভেঙে গেছে পরের মৌসুমেই।তবে কোচ বদল হয়নি, মারুফুল হকই চালিয়ে নিচ্ছিলেন। কিন্তু বাজে ফলের কারণে গত লিগের মাঝপথে মারুফকে বাদ দিয়ে হঠাৎ মন্টেনেগ্রিয়ান কোচ দ্রাগান দুকানোভিচকে এনে চমক দিলেন কর্মকর্তারা। দুকানোভিচ এসেই দল নিয়ে কলম্বো যান, এএফসি প্রেসিডেন্টস কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেখ রাসেল উঠে আসে চূড়ান্ত পর্বে। তবে লিগে দলটার বেহাল দশা কাটেনি, চ্যাম্পিয়নশিপ হারিয়ে এবার ষষ্ঠ। সবচেয়ে হতাশার, লিগের ২৭ ম্যাচের ১১টিই হার। আট জয়, ড্রও আট। মৌসুমের বাকি দুটি টুর্নামেন্টেও দলটি শোচনীয়ভাবে ব্যর্থ।
সেই শেখ রাসেলকে এখন প্রস্তুতি নিতে হবে এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বের জন্য। আগামী মাসের তৃতীয় সপ্তাহে যেটি হবে কলম্বোতেই।