শেখ সালমান, না ইনফান্তিনো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে হবেন সেপ ব্ল্যাটারের উত্তরসূরি? আগামীকাল জুরিখে কয়েক মাস ধরে ফুটবল প্রশাসনে সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্নটার জবাব পাওয়া যাবে। বিশেষ কংগ্রেসের পর নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি বেছে নেবে ফিফার সদস্যদেশগুলো। তবে এই নির্বাচনের আগেও যে সদস্য ফেডারেশনগুলোর অনেক দায়িত্ব আছে, সেটিই আরেকবার মনে করিয়ে দিয়েছে ফিফার নির্বাহী কমিটি। বিশেষ কংগ্রেসে তাদের প্রস্তাবিত সংস্কার প্রস্তাবগুলোর পক্ষে রায় দিতে সবাইকে আহ্বান জানিয়েছে নির্বাহী কমিটি।
কংগ্রেসে নির্বাহী কমিটি যেসব সংস্কার প্রস্তাব রাখতে যাচ্ছে সেগুলোর মধ্যে আছে—ফিফা সভাপতি ও অন্যান্য উচ্চ পদের জন্য মেয়াদ বেঁধে দেওয়া, সবার বেতনের অঙ্ক প্রকাশ করা, নির্বাহী কমিটির সদস্যদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করা। গতকাল এক সভা শেষে ফিফা নির্বাহী কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে ফিফা সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে অনুরোধ করছে এই সংস্কার প্রস্তাবের পক্ষে থাকার জন্য।’

>এশিয়ার সমর্থন পাচ্ছেন শেখ সালমান। তবে বোদ্ধাদের মতে, এ ক্ষেত্রে সবচেয়ে বড় আফ্রিকান কনফেডারেশনের ৫৪টি ভোট বড় নিয়ামক হয়ে উঠতে পারে

পরে ভারপ্রাপ্ত ফিফা সভাপতি ইসা হায়াতু এক বিবৃতিতে বলেছেন, ‘এই সপ্তাহে সারা বিশ্বের চোখ থাকবে আমাদের ওপর। এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং সময়। সংস্কার প্রস্তাবে সমর্থন দিয়ে আমরা ফুটবল-বিশ্বের আস্থা পুনরুদ্ধার করতে পারি।’
ফিফার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সভাপতি পদে প্রার্থী পাঁচজন। একসময় উয়েফায় প্লাতিনির ‘ডান হাত’ বলে পরিচিত সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফান্তিনো, এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা, দক্ষিণ আফ্রিকার টোকিও সেক্সওয়েল, ফিফার সাবেক মহাসচিব ফ্রান্সের জেরোম শ্যাম্পেন ও সর্বশেষ নির্বাচনে ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলী।
তবে শেষ পর্যন্ত লড়াইটা ইনফান্তিনো ও শেখ সালমানের মধ্যেই হবে বলে ধারণা। ইনফান্তিনো এরই মধ্যে তাঁর মহাদেশ ইউরোপের সমর্থন আদায় করে নিয়েছেন। এশিয়ার সমর্থন পাচ্ছেন শেখ সালমান। তবে বোদ্ধাদের মতে, এ ক্ষেত্রে সবচেয়ে বড় আফ্রিকান কনফেডারেশনের ৫৪টি ভোট বড় নিয়ামক হয়ে উঠতে পারে। যদিও এরই মধ্যে সিএএফ এএফসির সভাপতি শেখ সালমানকে সমর্থন দেওয়ার কথা বলেছে। তবে আফ্রিকার ভোট পাবেন বলে ইনফান্তিনোও আশাবাদী, ‘আমি আফ্রিকার বিভিন্ন ফেডারেশনের সভাপতিদের সঙ্গে কথা বলেছি। ওরা কিন্তু আমাকে আশ্বস্ত করেছেন।’
শেষ পর্যন্ত আসলে আফ্রিকা কার পক্ষে যায়, সেটা কালই বোঝা যাবে। এএফপি।