শেরিফের স্বপ্নযাত্রা রুখে দিল ইন্টার মিলান
চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথম খেলতে এসে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মলদোভার ক্লাব শেরিফ তিরাসপোল। রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, শাখতার দোনেৎস্কের গ্রুপে পড়েছিল তারা, যে গ্রুপকে আক্ষরিক অর্থেই এবারের আসরের ‘মৃত্যুকূপ’ বলা হচ্ছিল।
মৃত্যুকূপে যেখানে সবার সহজ ৩ পয়েন্ট উপলক্ষ হওয়ার কথা তাদের, তারাই সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছিল প্রথম দুই ম্যাচে। শাখতার আর রিয়াল মাদ্রিদকে হারিয়ে শুরু করেছিল এক স্বপ্নযাত্রার।
প্রথম দুই ম্যাচে ছয় পয়েন্ট পাওয়ার পর সেই স্বপ্নযাত্রার ইতি ঘটেছে গত রাতে। শেরিফকে থামিয়ে দিয়েছে গতবারের ইতালিয়ান লিগজয়ী ইন্টার মিলান। ৩-১ গোলে শেরিফের বিপক্ষে জিতেছে তারা।
নিজেদের মাঠে ইন্টারের হয়ে গোল পেয়েছেন এই মৌসুমেই দলে যোগ দেওয়া বসনিয়ান স্ট্রাইকার এদিন জেকো, চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদাল ও ডাচ্ সেন্টারব্যাক স্তেফান দে ভ্রাই। শেরিফের হয়ে একমাত্র গোলটা করেছেন সেবাস্তিয়েন থিল, যিনি গত ম্যাচে রিয়ালের বিপক্ষেও গোল পেয়েছিলেন।
ম্যাচের ৩৪ মিনিটে কর্নার থেকে আসা এক বলে মাথা ছুঁইয়ে বক্সে থাকা জেকোর কাছে পাঠিয়ে দেন ভিদাল। প্রথম গোল পেয়ে যায় ইন্টার।
৫২ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে সমতায় ফেরান থিল। শাখতার-রিয়ালের পথ ধরে ইন্টারও শেরিফের কাছে হেরে বসে কি না, তা নিয়ে ততক্ষণে আলোচনা শুরু হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয়।
৫৮ মিনিটে উপকার শোধ করে দেন জেকো। প্রথম গোলে যে ভিদাল তাঁকে সাহায্য করেছিলেন, সে ভিদালকে দিয়েই করান দ্বিতীয় গোল। শেরিফের গোলকিপার দিমিত্রু সেলান্দিকের হাতের নিচ দিয়ে জালে জড়ায় ভিদালের শট। ৬৭ মিনিটে রাইট উইংব্যাক দেনজেল দুমফ্রাইজের কাছ থেকে বল নিয়ে দুর্দান্ত ভলিতে স্কোরলাইন ৩-১ করে ফেলেন ডাচ্ সেন্টারব্যাক দি ভ্রাই। ততক্ষণে শেরিফের ম্যাচে ফেরার আশা শেষ!
হেরেও তিন ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে শেরিফ। গত রাতে শাখতারকে ৫-০ গোলে বিধ্বস্ত করা রিয়াল আছে দ্বিতীয় স্থানে, যদিও শেরিফের সঙ্গে তাদের পয়েন্ট সমান। চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার।