
প্রদীপ নেভার ঠিক আগে দপ করে জ্বলে ওঠে। স্প্যানিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ এখন যেন নিভন্ত প্রদীপ। দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজিতে যাওয়া এখন শুধু আনুষ্ঠানিকতার ব্যাপার। কিন্তু এই পর্যায়ে এসে যেন নিজেদের ‘ক্ষমতা দেখানোর’ চেষ্টা করছে স্প্যানিশ ফুটবল লিগ। নেইমারের বাইআউট ক্লজের টাকা নিতে তারা অস্বীকৃতি জানিয়েছে। লা লিগা কর্তৃপক্ষের মাধ্যমেই অর্থটা বার্সেলোনায় যাওয়ার কথা ছিল। তবে কাল কাতালান দলটি নিশ্চিত করেছে, ‘বাইআউট ক্লজের’ অর্থ তারা নিয়েছে।
পরশু বার্সেলোনাকে বিদায় বলেছেন নেইমার। কথা ছিল বার্সেলোনায় তাঁর ‘বাইআউট ক্লজের’ ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করে মুক্ত হলেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যোগ দেবেন পিএসজিতে। সেটি পরিশোধ করতেই গতকাল মাদ্রিদে স্প্যানিশ লিগের অফিসে যান নেইমারের আইনজীবীরা। কিন্তু পিএসজি উয়েফার আর্থিক সদাচরণের নীতি (ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে) মানছে না, এই যুক্তিতে সেই অর্থ গ্রহণ করেনি লিগ কর্তৃপক্ষ।
তবে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের এই অস্বীকৃতি নেইমারের পিএসজিতে যাওয়ার পথে প্রতিবন্ধকতা হতো না বলেই জানিয়েছিলেন ক্রীড়া আইন বিশেষজ্ঞরা। উয়েফা আগেই জানিয়ে রেখেছে, অসংগতির প্রমাণ না পাওয়া পর্যন্ত নেইমারের দলবদলের ব্যাপারে নাক গলানো হবে না। স্পেনের ফুটবল লিগ কর্তৃপক্ষ রাজি না হলে আরেকটা পথ খোলা ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সামনে—ফিফার কাছে যাওয়া। কিন্তু দ্বিতীয় পথে যাওয়ার আগেই অর্থ গ্রহণের কথা নিশ্চিত করেছে বার্সা। ফলে নেইমারের পিএসজিতে যাওয়ার আর কোনো বাধা থাকল না।
আজ বা কালকের মধ্যেই নেইমারকে ক্লাবের জার্সিতে পরিচয় করিয়ে দেওয়ার আশা পিএসজির। এরই মধ্যে নেইমারের স্বাস্থ্য পরীক্ষাও নাকি হয়ে গেছে। গত বুধবার বার্সেলোনা থেকে ব্যক্তিগত বিমানে পর্তুগালের পোর্তোতে গিয়ে নাকি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন নেইমার। আজ যাবেন প্যারিসে।
নেইমারের দলবদল আরও বিভক্তির জন্ম দিচ্ছে। কেউ এটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন, তো কারও প্রশ্ন ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ানের মূল্য নিয়ে। সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার পরশুই টুইট করেছিলেন, ‘ওহ্, নেইমার! বার্সেলোনা ছাড়ার পর একজন খেলোয়াড় একটি দিকেই যেতে পারে, সেটি হলো পেছনের দিকে।’ আর দুই কোচ হোসে মরিনহো ও ইয়ুর্গেন ক্লপের মতদ্বৈধতা নেইমারের মূল্য নিয়ে। আগের দলবদলের রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরোতে গত মৌসুমে পল পগবাকে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে এনেছেন মরিনহো। নেইমারের মূল্যটাও তাঁর চোখে বেশি মনে হচ্ছে না, ‘যখন পলকে নিয়ে এসেছিলাম, তখনো বলেছিলাম ওর (পগবার) দামটা বেশি নয়। দাম তখনই বেশি হবে, যখন মানহীন খেলোয়াড়ের জন্য খরচ বেশি হয়। নেইমারের জন্য ২২২ মিলিয়ন আমার কাছে বেশি মনে হচ্ছে না।’ লিভারপুল কোচ ক্লপের প্রশ্ন উয়েফার আর্থিক সদাচরণ নীতির কার্যকারিতা নিয়ে, ‘এমন অবিশ্বাস্য দলবদল না হওয়া নিশ্চিত করতেই তো নীতিটা এসেছিল। কিন্তু এখন এটিকে নিয়ম নয়, বরং শুধুই একটা ধারণা মনে হচ্ছে।’
এত বিতর্ক, নাটকের মধ্যে বার্সেলোনায় বাজছে বিষাদের সুর। ন্যু ক্যাম্পে নেইমারের ছবিসংবলিত সব পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। ওদিকে লিওনেল মেসির মতো করে লুইস সুয়ারেজও বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন নেইমারকে। ব্রাজিলিয়ান ‘সাবেক’ সতীর্থকে জড়িয়ে ধরে আছেন, এমন ছবি দিয়ে ইনস্টাগ্রামে সুয়ারেজ লিখেছেন, ‘সামনে যা-ই আসুক, তোমার সেরাটাই চাইব সব সময়। এত দিনে তোমার যত সাহায্য পেয়েছি, তোমার কাছে যা শিখেছি, অসাধারণ যত মুহূর্ত কাটিয়েছি, সবকিছুর জন্য ধন্যবাদ। এমনই থেকো, কখনো বদলে যেয়ো না। তোমাকে ভালোবাসি।’ এএফপি, মার্কা।