শেষ আট মিনিটে রোনালদোর রেকর্ড আর পর্তুগালের ঝড়

জোড়া গোল করেছেন রোনালদোছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অথচ ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল, হাঙ্গেরি পর্তুগালকে আটকে রাখবে তো বটেই, বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে পুরো তিন পয়েন্টও পকেটে পুরে ফেলতে পারে।

কিন্তু যে দলে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন আছেন, সে দল শেষের আগে হাল ছাড়ে কী করে? পর্তুগাল ছাড়েনি। শেষমেশ তাই বড় এক জয় নিয়েই মাঠ ছেড়েছেন রোনালদোরা। নিজেদের মাঠে অন্তত এক পয়েন্টের আশায় খেলতে থাকা হাঙ্গেরি শেষদিকের পর্তুগিজ ঝড় আটকাতে পারেনি। শেষ আট মিনিটে তিন গোল খেয়ে হেরে বসেছে ৩-০ গোলে।

নিজে দুই গোল করে পুসকাস অ্যারেনায় দুই গোল করে কোনো হাঙ্গেরিয়ান রূপকথা হতে দেননি রোনালদো নিজেই। বরং নিজের রূপকথার মতো ক্যারিয়ারে যোগ করেছেন আরও দুটি রেকর্ড।

সবচেয়ে বেশি পাঁচটি ইউরোতে খেলার রেকর্ড তো মাঠে নামতেই হয়ে গেছে। এক গোল করলে রোনালদো ইউরোর মূল টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডের শীর্ষে তাঁর সঙ্গে থাকা ফ্রান্স কিংবদন্তি মিশেল প্লাতিনিকেও ছাড়িয়ে যাওয়ার কথা ছিল। রোনালদো করলেন দুই গোল। ইউরোতে তাঁর গোল এখন ১১টি, প্লাতিনির ৯টি।

রোনালদোদের দলের ম্যাচের পাশাপাশি হাঙ্গেরির এই ম্যাচের আরেকটা বড় আকর্ষণ ছিল গ্যালারি। হাঙ্গেরি। এবারের ইউরো যে ১১ দেশের ১১ শহরের ১১ ভেন্যুতে হচ্ছে, তার মধ্যে এই একটা ভেন্যুতেই শতভাগ দর্শক থাকবে বলে টুর্নামেন্ট শুরুর আগে ঘোষণা দেওয়া হয়েছিল।

ম্যাচের আগে তাই দর্শকে পুরোপুরি পূর্ণ গ্যালারি দেখে মনে দোলা দেয়নি, এমন কাউকে সম্ভবত খুঁজে পাওয়া যাবে না! করোনাকালে খাঁ খাঁ গ্যালারি দেখে হতাশ ফুটবল সমর্থক মনের জন্য এমন দৃশ্য তো মরুভূমিতে পানির মতো। দর্শকঠাসা গ্যালারিকে ফুটবলও কতই না মিস করেছে!

এমন গ্যালারির সামনে অবশ্য ম্যাচের শেষ দশ মিনিটের আগে মন ভরাতে পারেনি পর্তুগাল। ৪-২-৩-১ ছকে সামনে রোনালদোকে রেখে পেছনে দুজন রক্ষণাত্মক মিডফিল্ডারকে নিয়ে নেমেছিল পর্তুগাল। যে দলে রুবেন নেভেস, জোয়াও মুতিনিও, সের্হিও অলিভিয়েরা কিংবা রেনাতো সানচেসের মতো সৃষ্টিশীল মিডফিল্ডার আছেন, গ্রুপের সবচেয়ে দুর্বল দলের বিপক্ষে তাঁদের একজনকেও না নামিয়ে দানিলো পেরেইরা আর উইলিয়াম কারভালিওকে নামান হলো কেন, প্রশ্ন উঠতেই পারে।

আক্রমণভাগে সঙ্গী হিসেবে রোনালদো পেয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের তিন বড় ক্লাবের তিন নামকরা উইঙ্গারকে - লিভারপুলের দিওগো জোতা, ম্যানচেস্টার সিটির বের্নার্দো সিলভা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস।

ওদিকে নিজেদের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় ডমিনিক জবোসলাইকে চোটের কারণে হারানো হাঙ্গেরির একাদশে উল্লেখযোগ্য খেলোয়াড় হিসেবে ছিলেন লাইপজিগ রক্ষণভাগের তারকা উইলি অরবান ও গোলকিপার পিটার গুলাসি।

নিজেদের দেশে এই প্রথম ইউরোর কোনো ম্যাচ আয়োজন করেছে হাঙ্গেরি। স্বাভাবিকভাবেই বর্তমান ইউরোজয়ীদের কাছ থেকে অন্তত এক পয়েন্ট নিয়ে উপলক্ষটা আরেকটু স্মরণীয় করে রাখতে চেয়েছিল তাঁরা। জবোসলাই না থাকলেও তাই দলটার উদ্যমের অভাব ছিল না। ওদিকে প্রথম থেকেই পর্তুগালের মাঝমাঠ ও আক্রমণের মধ্যে তেমন কোনো সংযোগ দেখা যাচ্ছিল না।

আন্তর্জাতিক ফুটবলে ১০৬টা গোল হয়ে গেল রোনালদোর।
ছবি : রয়টার্স

পাঁচ মিনিটেই দিওগো জোতার একটা শট বাইরে ঠেকে দেন হাঙ্গেরি গোলকিপার গুলাসি। ৩০ মিনিটে একটা সুযোগ পেয়েছিলেন রোনালদো, গোল হয়নি তাতে। হাঙ্গেরির মিডফিল্ডার ক্লাইনহেইসলারকে বাজেভাবে ট্যাকল করে ৩৮ মিনিটে হলুদ কার্ড দেখে বসেন সদ্য সমাপ্ত মৌসুমে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ডিফেন্ডার রুবেন দিয়াস। ৪০ মিনিটে জোতার আরেকটা শট আটকে দেন গুলাকসি।

৪৩ মিনিটে গোল করার একটা সহজতম সুযোগ হারান রোনালদো। বাঁ দিক থেকে আসা ব্রুনো ফার্নান্দেসের একটা ক্রসে পা ঠেকালেই যেখানে গোল হয়ে যায়, সে শট রোনালদো মারলেন বাইরে। গোলটা হলে প্রথমার্ধের শেষদিকে এসে এগিয়ে যাওয়ার তৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে পারতেন রোনালদোরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পেপের একটা হেড দুর্দান্তভাবে আটকে দেন সাবেক লিভারপুল গোলকিপার গুলাসি। হাঙ্গেরির রক্ষণ যেন আরও কঠোর হয়ে যায়, রোনালদোরা কোনোভাবেই ফাঁক খুঁজে পাচ্ছিলেন না।

৮০ মিনিটে সবাইকে অবাক করে দিয়ে জাবোলস শোয়েনের কল্যাণে গোল করে বসে হাঙ্গেরি, কিন্তু পর্তুগালকে বাঁচিয়ে দেয় রেফারির অফসাইড পতাকা। এর পরেই যেন গা-ঝাড়া দিয়ে ওঠে পর্তুগাল। ৮৪ মিনিটে লেফটব্যাক রাফায়েল গেরেইরোর শট উইলি অরবানের গায়ে লেগে দিক পালটে ঢুকে যায় জালে।

ইউরোতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা একার করে নিলেন পর্তুগিজ যুবরাজ।
ছবি : রয়টার্স

গোল খেয়ে হাঙ্গেরির উদ্যমে ভাটা পড়ে, সেটা দেখে যেন শিকারী বাঘের মতো রক্তের গন্ধ পেয়ে যান রোনালদো। নিজেদের বক্সে বাজেভাবে পর্তুগিজ স্ট্রাইকার আন্দ্রে সিলভাকে ফেলে দেন অরবান, পেনাল্টি পায় পর্তুগাল। সেখান থেকে গোল করে ব্যবধান ২-০ করে ফেলেন রোনালদো। তাতেই ইউরোতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা একার করে নিলেন পর্তুগিজ যুবরাজ। কিন্তু তাঁর ক্ষুধা তাতেও কমলে তো!

৯০ মিনিটে আবারও এই দুজনের রসায়নেই গোল পেয়ে যায় পর্তুগাল। রোনালদো পান ম্যাচে নিজের দ্বিতীয় গোল। এই নিয়ে আন্তর্জাতিক ফুটবলে ১০৬টা গোল হয়ে গেল রোনালদোর। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে ইরানের আলি দাইয়িকে সরিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে আর মাত্র চারটি গোল লাগে রোনালদোর।

টুর্নামেন্টের শুরুটা যেভাবে করেছেন, তাতে এবারের ইউরো শেষ হতে হতে আন্তর্জাতিক মঞ্চে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা যে রোনালদোর হয়ে যাবে, সে বাজি ধরাই যায়!