শেষ আটে আজ মাদ্রিদ ডার্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারাধনের ৩২ ছেলের রইল বাকি আট। আজ থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল। গতবারের ফাইনালের মঞ্চায়নটাও আজ হয়ে যাচ্ছে, মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি রিয়াল-অ্যাটলেটিকো। অন্য ম্যাচে জুভেন্টাসের পরীক্ষা নেবে মোনাকো। কালও দুর্দান্ত লড়াই হওয়ার কথা, দুই চেনা প্রতিপক্ষ বার্সেলোনা-পিএসজি মুখোমুখি। অন্য ম্যাচে খেলবে বায়ার্ন-পোর্তো।

রিয়াল-অ্যাটলেটিকো

কয়েক দিন থেকেই ‘প্রতিশোধ’ শব্দটা ঘুরে বেড়াচ্ছে মাদ্রিদের আকাশে-বাতাসে। এই মৌসুমে ছয় ম্যাচ খেলে রিয়াল একটাও জয় পায়নি নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে। হেরেছে চারটিতে, ড্র হয়েছে দুইটি। সর্বশেষ স্মৃতিটা তো দগদগে একটা ক্ষতই, অ্যাটলেটিকোর মাঠে গিয়ে ৪-০ গোলের হারের লজ্জা নিয়ে ফিরতে হয়েছিল রিয়ালকে। আজ সেই ভিসেন্তে ক্যালদেরনেই যেতে হচ্ছে রিয়ালকে। তবে অ্যাটলেটিকো এই মৌসুমে রিয়াল-বধের ব্রহ্মাস্ত্র আবিষ্কার করে ফেললেও চ্যাম্পিয়নস লিগে সেটা করে দেখাতে পারলেই সবচেয়ে খুশি হবে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় তো এখনো রিয়ালকে হারাতে পারেনি অ্যাটলেটিকো! কার্লো আনচেলত্তি পর্যন্ত বলে ফেলছেন রিয়াল বদলা নিতে চাই। আজ অবশ্য দুই কোচই পূর্ণশক্তির দল পাচ্ছে, নিষেধাজ্ঞা চোট কাটিয়ে ফিরছেন রদ্রিগেজ, ক্রুস, বেল। সিমিওনেও ফিরে পাচ্ছেন চোটাঘাতে ভোগা স্ট্রাইকার মানজুকিচকে।  

জুভেন্টাস-মোনাকো

মাদ্রিদ ডার্বির ছায়ায় এটি একটু আড়ালে চলে যাবে হয়তো, তবে জুভেন্টাস-মোনাকো ম্যাচটাও রোমাঞ্চ ছড়ানোর কথা। সর্বশেষ ১৯৯৭-৯৮ মৌসুমের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল, সেবার শেষ হাসি হেসেছিল জুভেন্টাসই। এবারও নিজেদের মাঠের দাপট আর ইতালিতে মোনাকোর অতীত জুভদেরই ফেবারিট হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের মাঠে সর্বশেষ ১১ ম্যাচে অপরাজিত তেভেজরা, এই মৌসুমে জিতেছে চার ম্যাচের তিনটিতেই। আর ইতালির মাঠে গিয়ে মোনাকো এখন পর্যন্ত ছয় ম্যাচের মাত্র একটিতে জিতেছে, সেটিও সেই ১৯৯১-৯২ মৌসুমে রোমার সঙ্গে।

পিএসজি-বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগের নিয়তি বার্সেলোনা ও পিএসজিকেই যেন মুখোমুখি দাঁড় করিয়ে দেয় বারবার! এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয়বার দেখা হচ্ছে দুদলের, গ্রুপ পর্বের পর কোয়ার্টার ফাইনালেও। গ্রুপ পর্বে প্যারিসের মাঠে পিএসজির কাছে পরাজয়টা ন্যু ক্যাম্পে ফিরিয়ে দিয়েছে বার্সা। শুধু কোয়ার্টার ফাইনালেই তৃতীয়বার মুখোমুখি দুই দল, ১৯৯৪-৯৫ মৌসুমে প্রথম শেষ আটে শেষ হাসি হেসেছিল পিএসজি। কিন্তু তার পরের দুবারই হেসেছে বার্সেলোনা। টানা তৃতীয়বার কোয়ার্টার ফাইনালে বিদায় কাম্য হতে পারে না পিএসজির কাছে, সে জন্য আগামীকাল প্যারিসের প্রথম লেগে জয়ই তাদের প্রত্যাশা। তবে পিএসজির সমস্যা হলো গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়  ইব্রাহিমোভিচ ও মার্কো ভেরাত্তিকে এ ম্যাচে পাবে না নিষেধাজ্ঞার কারণে। শুধু তো ক্লাবই নয়, কোচ-খেলোয়াড়দের কারণেও ম্যাচটা হয়ে উঠেছে পুনর্মিলনী। পিএসজি কোচ লরা ব্লাঁ ও বার্সা কোচ লুইস এনরিকে ছিলেন সতীর্থ। পিএসজির থিয়াগো মোত্তা ও ম্যাক্সওয়েলও ক্যারিয়ারের অনেকটা সময় কাটিয়েছেন বার্সেলোনায়।

পোর্তো-বায়ার্ন

কোয়ার্টার ফাইনালের এই দ্বৈরথটা অনেকেই হয়তো একপেশে হতে যাচ্ছে বলে মনে করছেন। মজার ব্যাপার, পোর্তোর ইউরোপিয়ান সুখস্মৃতিগুলোর একটির সঙ্গে জড়িয়ে আছে বায়ার্নের নাম। ১৯৮৭-৮৮ মৌসুমে বায়ার্নকে হারিয়েই প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপ জিতেছিল পর্তুগিজ ক্লাব। তবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে দুই দলের দুবারের সাক্ষাতেই জিতেছে বায়ার্ন। তার ওপর পর্তুগালের মাঠে ১১ ম্যাচ খেলে একটিও হারেনি বায়ার্ন, জিতেছে পাঁচটি, ড্র করেছে ছয়টি। ইতিহাসও খুব একটা আশার আলো দেখাতে পারছে না পোর্তোকে। সর্বশেষ সেমিফাইনাল খেলার স্মৃতিতেও ধুলো জমে গেছে, ১১ বছর আগে পোর্তো খেলেছিল সেমিতে। আজ পেপ গার্দিওলার দলের সঙ্গে পোর্তোর প্রতিপক্ষ তাই ইতিহাসও। উয়েফা, এএফপি।