শেষ আটে ওঠার চ্যালেঞ্জ আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের মাজিয়ার সঙ্গে এএফসি কাপের ম্যাচ খেলতে ঢাকা আবাহনী গিয়েছিল মালে। বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা হেরে এসেছে ২-০ গোলে। এখন ঘরোয়া খেলায় ফেরার পালা। দুই দিনের বিরতি শেষে আজ আবার মাঠে নামছে ফেডারেশন কাপ। প্রথম দিনেই বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে নামছে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা।
প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মুক্তিযোদ্ধা। আবাহনী নবাগত সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। তাতে দুদলেরই হাতে একটি করে পয়েন্ট। তবে আজ আবাহনী ড্র করলেই উঠে যাবে শেষ আটে। কিন্তু হারলেই তাদের বিপদ। আবাহনী ১ গোলে হারলে সাইফের সঙ্গে তাদের পয়েন্ট হবে সমান। দুই দলের গোলগড়ও হবে সমান।
কোয়ার্টার ফাইনালে ওঠার প্রশ্নে তখন আবাহনী-সাইফ দুই দলের এক দলকে বেছে নেওয়া হবে ‘ফেয়ার প্লে’ ভিত্তিতে। অর্থাৎ কম কার্ড দেখা দলই যাবে শেষ আটে। সেটিও সমান হলে টস। আবাহনী অবশ্য অতসব জটিল সমীকরণের মারপ্যাঁচে পড়তে চায় না। দলের অভিজ্ঞ মিডফিল্ডার প্রাণতোষ বলেন, ‘আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে জিততে চাই এ ম্যাচে।’ আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ আটে পাবে ব্রাদার্সকে। রানার্সআপ হলে রহমতগঞ্জকে।