ফারাজ চ্যালেঞ্জ কাপ আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শেষ আটে উঠেছে তিনটি দল। টানা তিন ম্যাচ জিতে ব্র্যাক ও ফারইস্ট এবং তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ঢাকার বাইরের একমাত্র দল চট্টগ্রামের সাদার্ন ইউনিভার্সিটি। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাদার্ন ৫-১ গোলে বাংলাদেশ টেক্সটাইলস ইউনিভার্সিটিকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে। ম্যাচসেরা জয়ী দলের নুরুল আফসার।
কমলাপুর স্টেডিয়ামে কাল ইউল্যাব ১-১ গোলে ড্র করেছে নর্থ সাউথের সঙ্গে। নর্থ সাউথের অনিক হয়েছেন ম্যাচসেরা। সোনারগাঁও ইউনিভার্সিটি-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ম্যাচ ০-০। ম্যাচসেরা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাইফ। একই মাঠে আইইউবিএটি ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্টামফোর্ডকে। জয়ী দলের শামিম পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
দিনের পঞ্চম ও শেষ ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাউথ ইস্টের কাছে ৩-১ গোলে হেরেছে আহসানউল্লাহ ইউনিভার্সিটি। সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের মুনসুর হিল্লাজ।