শেষ আটে মুক্তিযোদ্ধা ও রহমতগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুভুজেলা বাজিয়ে পুরোটা সময় গ্যালারি মাতিয়ে রাখলেন একদল সমর্থক। প্রিমিয়ারে নবাগত সাইফ স্পোর্টিংয়ের এই সমর্থকেরা যতই উৎসাহ দিন না কেন, মাঠে নিষ্প্রভই দেখাচ্ছিল ফুটবলারদের। প্রায় ১০ কোটি টাকা বাজেটের দল সাইফ স্পোর্টিং। তুলনায় দুই কোটি দিয়ে মাঝারি মানের একটা দল গড়েছে মুক্তিযোদ্ধা। আবাহনী থেকে পাঁচ ফুটবলার নিয়ে যথেষ্ট শক্তিশালীও সাইফ স্পোর্টিং। প্রাক-মৌসুম প্রস্তুতি নিয়েছে ভারতে ক্যাম্প করে। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই দলই কিনা কাল হারল মুক্তিযোদ্ধার কাছে!
নিজেদের প্রথম ম্যাচটি ১-০ গোলে জিতেই মুক্তিযোদ্ধা পৌঁছে গেছে শেষ আটে। একমাত্র গোলটি মিসরের ফরোয়ার্ড জাকি সারহানের। আবাহনীর সঙ্গে গ্রুপের প্রথম ম্যাচে ড্র করেছিল সাইফ স্পোর্টিং। কাল হেরে যাওয়ায় শেষ আটে ওঠা কঠিনই হয়ে পড়েছে তাদের জন্য। দিনের অন্য ম্যাচে বিজেএমসিকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে রহমতগঞ্জও।
সাইফ স্পোর্টিংয়ের ক্ষতিটা হয়েছে আবাহনীর সঙ্গে আগের ম্যাচে। অধিনায়ক মামুন মিয়াকে লাথি মেরে লাল কার্ড দেখে কাল নিষিদ্ধ ছিলেন তপু বর্মণ। এই ডিফেন্ডারের অভাবটা ভালোই ভুগিয়েছে সাইফকে। চোটের কারণে হেমন্ত ভিনসেন্ট কালও মাঠের বাইরে ছিলেন। কলম্বিয়ান মিডফিল্ডার আনদেস লসদাবা এবং ফরোয়ার্ড ভ্যালেন্সিয়া ওলায়েও আহামরি খেলতে পারেননি। সবকিছু মিলিয়েই সাইফের এই হার। মাঝমাঠ থেকে জামাল ভূঁইয়া একটু চেষ্টা করেছেন, জুয়েল রানাও দু-একবার মুক্তিযোদ্ধার রক্ষণে ঢুকেও তাদের ‘চীনা প্রাচীর’ টলাতে পারেননি।
৩০ মিনিটে নিশ্চিত গোল বাঁচিয়েছেন সাইফের গোলরক্ষক আনিসুর। মুক্তিযোদ্ধা ফরোয়ার্ড রোহিত সরকারের দুর্দান্ত ভলি ফিস্ট করে বাইরে পাঠান তিনি। কিন্তু ৪১ মিনিটে শেষ রক্ষা হয়নি। রোহিতেরই বাড়িয়ে দেওয়া বলে পা ছুঁইয়ে গতি বদলে জালে পাঠান সারহান (১-০)। হারের জন্য সাইফ স্পোর্টিংয়ের কোচ কিম গ্রান্ট কাঠগড়ায় তুলেছেন টুর্নামেন্টের ঠাসা সূচিকে, ‘তিন দিনের ব্যবধানে দুটি ম্যাচ খেলা অসম্ভব। আবাহনী বিশ্রাম পাচ্ছে, কিন্তু আমরা পাইনি। ফুটবলাররা কিছুটা হলেও ক্লান্ত ছিল। এখানেই পিছিয়ে পড়েছি।’ উল্টো দিকে এক ম্যাচ জিতেই শেষ আটে উঠে উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধার কোচ মাসুদ পারভেজ, ‘আমাদের মাঠসংকট। এ জন্য ঠিকমতো অনুশীলন করাতে পারিনি ছেলেদের। তারপরও বড় বাজেটের দলকে হারিয়ে খুশি।’
কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জ: ম্যাচ শেষে রহমতগঞ্জের ক্লাব কর্মকর্তারা মাথায় হাত বুলিয়ে দিলেন ফুটবলারদের। মৌসুমের প্রথম ম্যাচে যে তঁাদের মন ভরিয়ে দিয়েছেন ফুটবলাররা। বিজেএমসিকে ৩-০ গোলে হারিয়ে রহমতগঞ্জ পৌঁছে গেছে শেষ আটে।
আগের ম্যাচে বিজেএমসি পিছিয়ে পড়েও ড্র করেছিল ব্রাদার্সের সঙ্গে। কিন্তু কাল প্রায় পুরো ম্যাচেই ছিল রহমতগঞ্জের আধিপত্য। ১৯ মিনিটে শাহেদের কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে চমৎকার গোল করে দলকে এগিয়ে নেন মানডে ওসাজি। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন ফয়সাল আহমেদ। ৮৫ মিনিটে দারুণ এক ভলিতে ম্যাচের তৃতীয় গোলটি করেন রাশেদুল ইসলাম।