শেষ আটে 'নিখুঁত' বেলজিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার ফুটবলে দুর্দান্ত জয়ের পরও তারকা খেলোয়াড়েরা পা মাটিতেই রাখেন। ‘আমাদের আরও উন্নতির জায়গা আছে’—এই কথাগুলো যেন গৎবাঁধা বুলি মনে হয়। কিন্তু এডেন হ্যাজার্ডের মতো খেলোয়াড় যখন বলেন, এর চেয়ে ভালো করা কঠিন, তখন একটু ধারণা করা যায় বেলজিয়াম কেমন খেলেছে। পরশু হাঙ্গেরির সঙ্গে ৪-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বেলজিয়াম বার্তা দিল, তারা শেষ পর্যন্তও যেতে পারে।
হ্যাজার্ডের কথাটা দলের জন্য তো বটেই, তাঁর নিজের জন্য আরও বেশি খাটে। পরশু যা করেছেন, একটা ম্যাচে চেলসির বেলজিয়ান উইঙ্গার বোধ হয় এর চেয়ে বেশি কিছু করতে পারতেন না। মিচি বাতশুয়াইকে দিয়ে একটা গোল তো করিয়েছেনই, তবে এর ২ মিনিট পরই তাঁর নিজে যে গোলটি করেছেন সেটিই অনেক দিন মনে রাখার মতো। দুর্দান্ত এক দৌড়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে করা যে গোলটিকে হ্যাজার্ড নিজেই বলছেন বেলজিয়ামের জার্সি গায়ে তাঁর সেরা। সে জন্য হ্যাজার্ড সবার আগে ধন্যবাদ জানাতে পারেন কোচ মার্ক উইলমটসকেই। ম্যাচের আগে বেলজিয়ান কোচই এমন একটা গোলের ‘আবদার’ করেছিলেন হ্যাজার্ডের কাছে।
ম্যাচ শেষে হ্যাজার্ড অবশ্য দলের কথাই বলেছেন সবার আগে, ‘আজকের চেয়ে ভালো করা আসলে কঠিন। আমরা সবকিছুই প্রায় নিখুঁতভাবে করতে পেরেছি। আমরা গোল করেছি, অনেক সুযোগ সৃষ্টি করেছি, কোর্তোয়াকে গোল অক্ষত রাখতেও সাহায্য করেছি। শুরু থেকেই আমরা অনেক সুযোগ সৃষ্টি করেছি। আজকের চেয়ে ভালো করা আসলেই কঠিন, তবে আমরা চেষ্টা করব।’
হ্যাজার্ডের কথায় অবশ্য ম্যাচের পুরো চিত্রটা পাওয়া যায় না। হাঙ্গেরির গোলরক্ষক গিবর কিরাই বাধা না হয়ে দাঁড়ালে বেলজিয়াম আরও কয়েকটি গোল দিতে পারত। আবার হাঙ্গেরিও সুযোগ পেয়েছিল কয়েকটি গোলের।
দ্বিতীয়ার্ধটা যদি হ্যাজার্ডের হয়, প্রথমার্ধটা অবশ্যই কেভিন ডি ব্রুইনের। ১০ মিনিটে তাঁর দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করেই প্রথম এগিয়ে দিয়েছেন টবি অল্ডারওয়েরেল্ড। এরপর বেলজিয়ামের চোখের দিকে চোখ রেখে খেলতে থাকা হাঙ্গেরি দিশেহারা হয়ে গেছে শেষ ১২ মিনিটে। এই সময়েই তারা খেয়েছে ৩ গোল। বাতশুয়াই ও হ্যাজার্ডের পর যোগ হওয়া সময়ে হাঙ্গেরির কফিনে শেষ পেরেক ঠুকেছেন ইয়ানিক কারাসকো। রয়টার্স।