শেষ আশাও গুঁড়িয়ে গেল রিয়ালের

২ ডিসেম্বর হাস্যকর এক ভুল করে বসেছিল রিয়াল মাদ্রিদ। আগের মৌসুমে এক ম্যাচ নিষেধাজ্ঞা পাওয়া ডেনিস চেরিশেভকে নামিয়ে দেওয়া হয় কোপা দেল রে’র ম্যাচে। তৃতীয় মিনিটে গোলও করেন এই রাশিয়ান উইঙ্গার। রিয়াল ম্যাচটি জেতে ৩-১ গোলে। কিন্তু খেলারই অনুমতি নেই এমন একজনকে খেলানোর শাস্তি হিসেবে কোপা থেকে বাদ দেওয়া হয় রিয়ালকে। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল রিয়াল। সেটিই ছিল তাদের শেষ আশা।
কিন্তু লাভ হয়নি। ১১ ডিসেম্বর প্রাথমিকভাবে ক্লাবটির আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর আজ চূড়ান্ত ঘোষণাও জানিয়ে দেওয়া হয়েছে, স্প্যানিশ শৃঙ্খলা কমিটি (টিএডি) রিয়ালের আপিল খারিজ করে দিয়েছে। ফলে বাকি মৌসুমজুড়ে স্থানীয় এই কাপ প্রতিযোগিতায় দর্শক হয়েই থাকবে এই পরাশক্তিকে। স্পেনের ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ আদালত থেকে ব্যর্থ হওয়ায় রিয়ালের কাপ পর্বটা এক ম্যাচেই শেষ হয়ে গেল।
রিয়ালের ভুলে পাওয়া এই জয় পেয়ে স্পেনের তৃতীয় বিভাগের দল কাদিজ উঠে গেল কাপের শেষ ষোলোতে। সেখানে সেল্টা ডি ভিগোর মুখোমুখি হবে তারা। সূত্র: মার্কা