শেষ একবার নিজেকে প্রমাণের জেদে জুভেন্টাসেই থাকবেন রোনালদো

রোনালদোর চ্যালেঞ্জ এখনো বাকিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস ছেড়ে......ক্লাবে যাবেন।

শূন্যস্থানে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, পিএসজি—যখন খুশি কোনো একটা ক্লাবের নাম বসিয়ে নিন, ব্যস, হয়ে গেল এবারের দলবদলের বাজারের সবচেয়ে বড় গুঞ্জনের একটি!

কদিন ধরে তা-ই তো চলছে! জুভেন্টাসে রোনালদোর চুক্তির আর বাকি আছে এক বছর, কিন্তু জুভেন্টাসের আর্থিক দৈন্যের কারণে রোনালদোর জুভেন্টাস ছাড়ার গুঞ্জন প্রতি বেলায়ই সংবাদমাধ্যমে পাওয়া যায়। শুধু ক্লাবের নাম ক্ষণে ক্ষণে বদলায়! এ নিয়ে তিতিবিরক্ত রোনালদো কদিন আগে ইনস্টাগ্রামে বিশাল বার্তায় বিরক্তিটা জানিয়েও দিয়েছেন।

তবে ৩৬ বছর বয়সী পর্তুগাল অধিনায়কের ভবিষ্যৎ কোথায়, সে ব্যাপারে পর্তুগাল জাতীয় দলে রোনালদোর সাবেক সতীর্থ ব্রুনো আলভেসের ভাবনাটা ভিন্ন। ভবিষ্যদ্বাণী নয়, নিজের ভাবনাটা জানিয়েছেন ব্রুনো। ভাবনাটা এই, রোনালদো এই মৌসুমে জুভেন্টাসেই থাকবেন। আর থাকবেন নিজেকে প্রমাণের জেদ থেকেই!

জুভেন্টাসেই থাকবেন রোনালদো
ছবি: রয়টার্স

রোনালদোর নিজেকে প্রমাণের জেদের কথা ফুটবলে সর্বজনবিদিত। কিন্তু ১৫ বছরের বেশি সময় বিশ্ব ফুটবল আর ফুটবলের রেকর্ড বই রাঙানো রোনালদোর এই ৩৬ বছর বয়সে আর কী প্রমাণের থাকতে পারে? উত্তরটা রোনালদোর জুভেন্টাস ক্যারিয়ারে তাকালে বোঝা যাবে।

রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয় ও পাঁচ বছরে চতুর্থ চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে ২০১৮ সালে যখন জুভেন্টাসে যান রোনালদো, বলেছিলেন, জুভেন্টাসে নতুন চ্যালেঞ্জ জিততেই যাচ্ছেন। চ্যালেঞ্জটা কী, সেটাও ফুটবলে বড় ‘ওপেন সিক্রেট’ই—১৯৯৬ সালে নিজেদের দুই চ্যাম্পিয়নস লিগ শিরোপার শেষটি জেতা জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগ আক্ষেপ ঘোচানো। ইতালিয়ান লিগ জেতা রোনালদোর ‘সিভি’তে যোগ করার ব্যক্তিগত লক্ষ্য হতে পারে, কিন্তু রোনালদো যাওয়ার আগেই টানা ৭ মৌসুমে লিগ জেতা জুভেন্টাসের জন্য সেটা যে রোনালদোকে নেওয়ার বড় কারণ নয়, তা বুঝতে তো আর ফুটবল বিশেষজ্ঞ হতে হয় না!

কিন্তু চ্যালেঞ্জটাতে রোনালদো কেমন করলেন? চ্যাম্পিয়নস লিগ জেতা তো হয়ইনি, জুভেন্টাসে রোনালদোর তিন মৌসুমে মাত্র একবার জুভেন্টাস খেলতে পেরেছে কোয়ার্টার ফাইনালে, বাকি দুবার বাদ পড়েছে শেষ ষোলোতে। অথচ রোনালদো যাওয়ার আগের তিন মৌসুমে দুবার জুভেন্টাস ফাইনালে খেলেছে! রোনালদো তিন মৌসুমেই নকআউট পর্বে চেষ্টা করেছেন, গোল করেছেন, কিন্তু জুভেন্টাস পারেনি। মড়ার উপর খাঁড়ার ঘা, ‘ব্যক্তিগত সম্পত্তি’ হয়ে যাওয়া লিগ শিরোপাও টানা ৯ মৌসুম জেতার পর গত মৌসুমে হাতছাড়া করে ফেলেছে জুভেন্টাস।

সে কারণেই ব্রুনো আলভেসের মনে হচ্ছে, রোনালদো আরও তেতে আছেন। আর তেতে আছেন বলেই জুভেন্টাসে থেকে যাবেন রোনালদো। সাবেক সতীর্থের ভবিষ্যৎ নিয়ে ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্তে ২০১৬ ইউরোজয়ী পর্তুগিজ ডিফেন্ডার আলভেস বললেন, ‘এসব ব্যাপারে ওর সঙ্গে আমার কথা হয়নি। তবে আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত ও জুভেন্টাসেই থাকবে, কারণ ওর এখানে আরও কিছু করার বাকি আছে—স্কুদেত্তো (ইতালিয়ান লিগ) ফিরে পাওয়া, আর চ্যাম্পিয়নস লিগ জিততে আরেকবার ঝাঁপিয়ে পড়া।’ এর পেছনে রোনালদোর ভালো বন্ধু হিসেবে পরিচিত ব্রুনো আলভেস তুলে ধরলেন রোনালদোর তেজের কথা, ‘ক্রিস্টিয়ানো সব সময় নিজেকে প্রমাণ করতে চায়, ও জাত বিজয়ী।’

প্রাক মৌসুমে বার্সেলোনার বিপক্ষে দেখা গিয়েছিল রোনালদোকে
ছবি: রয়টার্স

কিন্তু জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে রোনালদোর বিজয়ের ধারাটা থাকেনি বলেই এবার এত গুঞ্জনের সূত্রপাত। একদিকে মাঠে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি, অন্যদিকে করোনা মহামারির পর আর্থিকভাবে পঙ্গু হয়ে যাওয়া ফুটবল বাজারে রোনালদোর বেতন দিতে হিমশিম খাচ্ছে জুভেন্টাস।

ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, তিন মৌসুম পর এবার আবার জুভেন্টাসের ডাগআউটে ফিরে আসা মাসিমিলিয়ানো আলেগ্রি দলের খোলনলচে বদলাতে চান, সে জন্য মাঝমাঠেই বেশি নজর আলেগ্রির। রোনালদো ক্লাব ছাড়লে বেতনের বোঝা হালকা হবে, সে জায়গায় মাঝমাঠে আরও দুজন খেলোয়াড় আনতে চান আলেগ্রি, এমনই গুঞ্জন ইতালিতে। এরই মধ্যে সাড়ে তিন কোটি ইউরো ও শর্তসাপেক্ষ বোনাসের বিনিময়ে সাসসুয়োলো থেকে ইতালির হয়ে ইউরোজয়ী মিডফিল্ডার মানুয়েল লোকাতেল্লিকে নিয়েও এসেছে জুভেন্টাস।

কিন্তু রোনালদোর কী হবে? সেটি নিয়েই যত গুঞ্জন ছড়াচ্ছে। কখনো শোনা যায় তিনি রিয়াল মাদ্রিদে ফিরবেন। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ‘রিয়ালে রোনালদো-অধ্যায় অতীতের গল্প’ বলে সে গুঞ্জন শুরুতেই শেষ করে দিতে চেয়েছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি। গত সপ্তাহে এক দিনেই কত নাটক দেখা গেল! প্রথমে স্প্যানিশ সংবাদমাধ্যম জানাল, রিয়ালে এই মৌসুমে কোচ হয়ে ফেরা কার্লো আনচেলত্তি আবার রোনালদোকে দলে চান, রোনালদোর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগও হচ্ছে। কিন্তু সকালের গুঞ্জন বিকেল গড়াতেই শেষ। আনচেলত্তি টুইট করে জানিয়ে দিলেন, রোনালদোকে ফেরানোর পরিকল্পনা তাঁর নেই।

একই দিনে গুঞ্জন শোনা গেল, রিয়াল না হলে আরেক সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে পারেন রোনালদো। এমনকি তাঁর মুখপাত্র জর্জ মেন্দেস ম্যানচেস্টার সিটির কাছে রোনালদোকে নেওয়ার প্রস্তাব নিয়ে গেছেন বলেও শোনা গিয়েছিল। অন্যদিকে পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পে এই মৌসুমেই রিয়াল মাদ্রিদে ছেড়ে চলে গেলে পিএসজি রোনালদোকে দলে নেবে, আক্রমণে মেসি-রোনালদো-নেইমারের ঐতিহাসিক ত্রিরত্ন সাজাবে—এ গুঞ্জন তো মেসি পিএসজিতে যাওয়ার পর থেকেই ঠারেঠোরে শোনা যায়।

কিন্তু শেষ পর্যন্ত কোনো দিকেই আলোচনা এগোয়নি। রোনালদোও এত গুঞ্জনে বিরক্ত হয়ে উঠেছেন। দিন দুয়েক আগে ইনস্টাগ্রামে এ নিয়ে কড়া ভাষায় বিবৃতিও দিয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড। সেটি নিয়েও কথা বলেছেন ব্রুনো আলভেস। রোনালদো কেন খেপেছেন, সেটির ব্যাখ্যায় আলভেস বললেন, ‘ওকে নিয়ে সব সময়ই বড় অনেক গুঞ্জন তৈরি হয় এবং বেশির ভাগ সময়ই সেগুলোর কোনো ভিত্তি থাকে না। ও তো শুধু (সংবাদমাধ্যমের কাছ থেকে) প্রাপ্য সম্মানটাই চেয়েছে।’

আগামীকাল বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে উদিনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে জুভেন্টাসের নতুন মৌসুম শুরু হবে। ২০২১-২২ মৌসুমে রোনালদোর কাছ থেকে কী আশা করা যাবে, এ নিয়ে আলভেসের ভবিষ্যদ্বাণী, ‘যেটা আমরা সবাই জানি, তা-ই হবে। ও একজন ফেনোমেনন, যার কাছ থেকে মৌসুমে ৩০-৪০ গোলের নিশ্চয়তা পাওয়া যায়, সেটা এই ৩৬ বছর বয়সেও। ক্রিস (রোনালদো) একজন চ্যাম্পিয়ন, একজন বিজয়ী, যেকোনো সময় বিশেষ কিছু করার ক্ষমতা ওর আছে। কিন্তু সে জন্য দলের সবাইকে ওকে সমর্থন করতে হবে। ও একাই সব করে ফেলবে, এটা ভাবা উচিত হবে না।’