শেষ এল ক্লাসিকোর পর যা কিছু বদল

মৌসুমের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ আর মাত্র তিন দিন দূরত্বে। ইউরোপীয় ফুটবলের ‘একিলিস-হেক্টর’ লড়াইয়ে চোখ রাখবেন সারা দুনিয়ার ফুটবলপ্রেমী দর্শকেরা। ২০১৭-১৮ মৌসুমে লা লিগার প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে নিজেদের মাঠে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল সুপার কোপা ডি এস্পানার ফাইনালে। লিওনেল মেসির বার্সেলোনাকে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হারিয়েছিল জিনেদিন জিদানের দল। কিন্তু আগস্টের সেই ম্যাচের পর দুই দলই অনেক বদলে গেছে। আসুন, দেখা যাক কতটা পাল্টে গেল এল ক্লাসিকো—
চার ডিফেন্ডারে বার্সার রক্ষণ
সুপার কোপার দ্বিতীয় লেগে দলকে ৩-৫-২ ফরমেশনে খেলিয়েছিলেন এরনেস্তো ভেলভার্দে। কিন্তু লা লিগার শুরু থেকেই রক্ষণে ৪ ডিফেন্ডার খেলাচ্ছেন তিনি। জেরার্ড পিকে, স্যামুয়েল উমতিতি ও হাভিয়ের মাচেরানোর সঙ্গে জর্ডি আলবাকে খেলিয়েছেন বার্সা কোচ। ফলও পেয়েছেন, দুই ম্যাচে ৫ গোল হজম করার পর থেকে মাত্র ৮ গোল হজম করেছে কাতালানরা।
মলিন রিয়াল মাদ্রিদ
সদ্যই নেইমারকে হারানো বার্সেলোনাকে ঘরের মাঠে প্রথম ৪০ মিনিটেই ২ গোল দিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু লিগ শুরু হওয়ার পর ঘরের মাঠে পয়েন্ট খুইয়েছে রিয়াল। লেভান্তে, রিয়াল বেটিস ও ভ্যালেন্সিয়া পয়েন্ট নিয়ে ফিরেছে সান্তিয়াগো বার্নাব্যু থেকে।
মাটিতে পা এসেনসিওর
সর্বশেষ ক্লাসিকোর পর ফুটবল ভক্তদের মুখে মুখে ফিরেছে মার্কো এসেনসিওর নাম। দুই লেগেই গোল করেছিলেন রিয়ালের এই তরুণ ফরোয়ার্ড। তাঁকে মেসির পর সেরা বাঁ পায়ের ফুটবলারের খেতাব দিয়েছিলেন স্বয়ং জিদান। কিন্তু এরপর সেভাবে জ্বলে উঠতে পারেননি এসেনসিও, লিগে মাত্র ৪ গোল করেছেন। রিয়ালও ভুগেছে বেশ ভালোভাবেই।
বিস্মৃত নেইমার
আগস্টের সেই ম্যাচে না থেকেও যেন ছিলেন নেইমার। মৌসুমের শুরুতে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা ছেড়ে পিএসজিতে চলে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচেও তাঁর অভাব বোধ করেছিল বার্সেলোনা। কিন্তু এখন আর বার্সার খেলায় নেইমারের অভাব বোঝা যায় না। দলের অন্যতম সেরা তারকাকে হারিয়েও সামনে এগিয়েছে তারা। রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন মেসিরা।
বেনজেমার দুর্দশা
সুপার কোপার দ্বিতীয় লেগে গোল করেছিলেন করিম বেনজেমা, দলের প্রধান ফরোয়ার্ড হিসেবে জায়গাটাও পাকা ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্ম হারিয়েছেন, লিগে ২ আর চ্যাম্পিয়নস লিগে ২ গোল নিয়ে এই মৌসুমে মোটে ৪ গোল এই ফরাসি ফরোয়ার্ডের। বেনজেমা হঠাও আন্দোলনও তাই ভালোভাবেই শুরু হয়েছে।
অপরাজিত বার্সেলোনা
শেষ এল ক্লাসিকোয় সেই পরাজয়ের পর থেকে হার কী জিনিস তা ভুলে গেছে বার্সেলোনা। লা লিগায় এখনো পর্যন্ত অপরাজিত কাতালানরা। ১৬ ম্যাচে ১৩ জয় আর ৩ ড্র নিয়ে লা লিগার এক নম্বর দল বার্সেলোনা।
পাউলিনহো জাদু
৪০ মিলিয়ন ইউরোতে চীনের ক্লাব থেকে বার্সায় এসেছিলেন পাউলিনহো। বার্সা সমর্থকেরা তখন খুব একটা পছন্দ করেনি তাঁকে। কিন্তু মাঠের খেলা দিয়েই সমর্থকদের মুগ্ধ করেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। মৌসুমে এর মধ্যেই ৬ গোল করেছেন তিনি।
এবং...মেসি-রোনালদো দ্বৈরথ
এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতার নাম মেসি, করেছেন ১৮ গোল। গত মৌসুমে জিতেছেন এল পিচিচি ও আলফ্রেডো ডি স্টেফানো ট্রফি। ওদিকে ক্যারিয়ারের পঞ্চম ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রোনালদো। লা লিগায় গোল না পেলেও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সব ম্যাচেই গোল করেছেন। সর্বশেষ ৬ ম্যাচে করেছেন ৮ গোল। মেসি বনাম রোনালদো লড়াইয়ের বিজয়ীই যে দলকে জিতিয়ে দেবেন, সে কথা কি আর বলার দরকার আছে?