শেষ চারে কোন ক্লাবের প্রতিনিধিত্ব বেশি
পথপরিক্রমার প্রায় শেষ দিকেই দাঁড়িয়ে আছে ইউরো ২০২০। কঠিন লড়াইয়ের পর চূড়ান্ত পরিণতির অপেক্ষায় চার দল। ২৪টি দল নিয়ে শুরু হয়েছিল যে লড়াই, তাতে একে একে ঝরে গেছে ২০টি দল। আর কদিন পরেই জানা যাবে, কোন দল ইউরোপের শ্রেষ্ঠ। গোটা দুনিয়া এখন উন্মুখ সে মুহূর্তের জন্য।
শেষ চারে দাঁড়িয়ে ফুটবলপ্রেমীদের মনে একটা প্রশ্ন উঁকি দিতেই পারে। যে চার দল ইউরোর সেমিতে খেলছে, সেসব দলে ইউরোপের শীর্ষ কোন ক্লাবের প্রতিনিধি কতজন। কোন ক্লাব এ ক্ষেত্রে এগিয়ে আছে অন্যদের চেয়ে।
উত্তর খুঁজতে গিয়ে অবাক হতেই হয়। ইউরোর সেমিতে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আর চেলসির। মজার ব্যাপার হচ্ছে, এই দুই ক্লাবই গত মে মাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে একে অন্যের মুখোমুখি হয়েছিল। দুই ক্লাবেরই সাতজন করে খেলোয়াড় আছেন সেমির চার দলে (ইংল্যান্ড, ডেনমার্ক, ইতালি, স্পেন)।
এবারের ইউরোতে বেশ কয়েকটি ‘বড় দল’ আগেই বিদায় নিয়েছে।
এর মধ্যে আছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস। সেমির আগে বিদায় নিয়েছে বেলজিয়াম। সুইজারল্যান্ড ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টার উঠে চমক দেখিয়েছে। এর আগে নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টারে উঠে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে চেক প্রজাতন্ত্র। পর্তুগালকে বেলজিয়াম বিদায় করলেও তারা সেমিতে উঠতে পারেনি এবারের টুর্নামেন্টের দুর্দান্ত দল ইতালির কাছে হেরে। জার্মানিকে হারিয়ে কোয়ার্টারে উঠেছিল ইংল্যান্ড। এরপর ইউক্রেনকে উড়িয়ে দিয়ে সেমিতে। স্পেন এখন পর্যন্ত বড় প্রতিরোধের মুখে পড়েছিল দ্বিতীয় পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে। কোয়ার্টারে সুইজারল্যান্ডের বিপক্ষে তারা জিতেছে টাইব্রেকারে।
ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আরেক ইংলিশ ক্লাব চেলসি ম্যানচেস্টার সিটিকেই ১-০ গোলে হারিয়ে হয়েছে ইউরোপসেরা। এই দুই ক্লাবেরই সাতজন করে ফুটবলার খেলবেন ইউরোর সেমিফাইনালে।
ম্যানচেস্টার সিটির সাত খেলোয়াড় হচ্ছেন ফেরান তোরেস (স্পেন), এমেরিক লাপোর্ত (স্পেন), কাইল ওয়াকার (ইংল্যান্ড), রাহিম স্টার্লিং (ইংল্যান্ড), ফিল ফোডেন (ইংল্যান্ড), জন স্টোনস (ইংল্যান্ড)। চেলসির সাত ফুটবলার হচ্ছেন সিজার আসপিলেকুয়েতা (স্পেন), আন্দ্রেস ক্রিস্টেনসেন (ডেনমার্ক), মেসন মাউন্ট (ইংল্যান্ড), রিস জেমস (ইংল্যান্ড), বেন চিলওয়েল (ইংল্যান্ড), এমারসন (ইতালি) ও জর্জিনহো (ইতালি)।
চেলসি আর ম্যানচেস্টার সিটির সাতজন ছাড়াও সেমির চার দলে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন আছেন ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও জুভেন্টাসের। টুর্নামেন্ট শুরু হওয়ার সময় চারজনই ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। সে চারজন হলেন লুক শ (ইংল্যান্ড), হ্যারি ম্যাগুয়ার (ইংল্যান্ড), মার্কাস রাশফোর্ড (ইংল্যান্ড) ও দাভিদ দে হেয়া (স্পেন)। আর টুর্নামেন্টের মাঝপথে বরুসিয়া ডর্টমুন্ড থেকে যোগ দিয়েছেন জ্যাডন সাঞ্চো (ইংল্যান্ড)।
জুভেন্টাসের পাঁচজন হলেন জর্জো কিয়েলিনি (ইতালি), ফেদরিকো কিয়েসা (ইতালি), লিওনার্দো বনুচ্চি (ইতালি), ফেদরিকো বার্নারদেসকি (ইতালি) ও আলভেরো মোরাতা (স্পেন)।
পাঁচজন আছে বার্সেলোনারও—মার্টিন ব্রাথওয়েট (ডেনমার্ক), জর্দি আলবা (স্পেন), পেদ্রি (স্পেন), সের্হিও বুসকেতস (স্পেন), এরিক গার্সিয়া (স্পেন)। তিনজন পিএসজির—মার্কো ভেরাত্তি (ইতালি), আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি (ইতালি), পাবলো সারাবিয়া (স্পেন)। তিনজন আতলেতিকো মাদ্রিদের—মার্কোস ইয়োরেন্তে (স্পেন), কোকে (স্পেন), কিয়েরান ট্রিপিয়ার (ইংল্যান্ড)।
দুজন করে লিভারপুল—জর্ডান হেন্ডারসন (ইংল্যান্ড), থিয়াগো (স্পেন); এসি মিলান—জিয়ানলুইজি দোন্নারুম্মা (ইতালি), সিমন কায়ের (ডেনমার্ক); ইন্টার মিলান—নিকোলা বারেল্লা (ইতালি), আলেসান্দ্রো বাসতোনি (ইতালি) ও টটেনহামের-হ্যারি কেইন (ইংল্যান্ড), পিয়েরে এমিল হইবিয়া (টটেনহাম)।
একজন করে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের—জুড বেলিংহাম (ইংল্যান্ড) আর আর্সেনালের একজন বুকোয়ো সাকা (ইংল্যান্ড)। রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখ–ভক্তদের মন খারাপ হতেই পারে। শেষ চারে কোনো দলেই যে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই।
এবারের ইউরোর দলগুলোয় ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে চেলসির সর্বোচ্চ প্রতিনিধিত্ব ছিল। সে সংখ্যাটা ১৫। ১৪ জন ছিল বায়ার্ন মিউনিখ আর ম্যানচেস্টার সিটির। তৃতীয় সর্বোচ্চ ১২ জন ছিল জুভেন্টাসের।
এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের ছিল ৯ জন, বরুসিয়া ডর্টমুন্ডের ৯ জন, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা ও ইন্টার মিলানের ৮ জন করে, আতলেতিকো মাদ্রিদের ৭ জন, পিএসজি ও রিয়াল মাদ্রিদের ৬ জন করে। এসি মিলান ও আর্সেনালের ছিল যথাক্রমে ৫ জন ও ৪ জন করে।