শেষ চারে ক্যামেরুন, বুরকিনা ফাসো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

টাইব্রেকারে চারটি করে শট হয়েছে তখন। ৪-৪ সমতায় সেনেগাল ও ক্যামেরুন। সেনেগালের হয়ে পঞ্চম শটটি নিতে এলেন আফ্রিকার সবচেয়ে দামি খেলোয়াড় সাদিও মানে। কিন্তু লিভারপুল উইঙ্গারের শটটা ফিরিয়ে দিলেন ক্যামেরুন গোলরক্ষক ফ্যাব্রিস ওনদোয়া। পরের শটে ভিনসেন্ট আবুবকর গোল করতেই উচ্ছ্বাসে মেতে উঠলেন ক্যামেরুন খেলোয়াড়েরা। পরশু নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচটি টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে গেল ক্যামেরুন।
আফ্রিকান নেশনস কাপের সেমিফাইনালে উঠে গেছে অদম্য সিংহরা। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে তিউনিসিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বুরকিনা ফাসোও।
চারবারের চ্যাম্পিয়ন ক্যামেরুন ২০১৫ সালে সর্বশেষ আফ্রিকান নেশনস কাপে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। ২০০৮ সালের পর তারা এই প্রথম সেমিফাইনালে জায়গা পেল। বুরকিনা ফাসো অবশ্য কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে ২০১৩ সালেই ফাইনালে হেরেছিল নাইজেরিয়ার কাছে। এ টুর্নামেন্টে রানার্সআপ হতে পারাই এখন পর্যন্ত বুরকিনা ফাসোর সেরা সাফল্য। এএফপি।