শেষ চারে থাকার লড়াই লিভারপুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ম্যাচের বিরতি শেষ। ইউরোপের ঘরোয়া ফুটবলের জমজমাট শেষ অঙ্ক শুরু হবে আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে অবশ্য শিরোপা দৌড়ে চেলসি অনেকটাই এগিয়ে। তবে শীর্ষ চারের লড়াইটা দারুণ জমে উঠেছে। আজ আর্সেনাল-লিভারপুলের ম্যাচ নিশ্চিতভাবেই এই পর্বে বড় একটা ভূমিকা রাখবে। হারলেই লিভারপুলের চ্যাম্পিয়নস লিগের আশা মিলিয়ে যাবে অনেকটাই!
অথচ ডিসেম্বরের পর থেকে লিভারপুল ছুটছিল যেন অপ্রতিরোধ্য গতিতে। মৌসুমের শুরুর দুর্দশা কাটিয়ে চ্যাম্পিয়নস লিগের মৃতপ্রায় আশাটাও জাগিয়ে তুলেছিল। ছন্দপতন ঘটে দুই সপ্তাহ আগে, নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পরাজয়ে। তিন মাসের মধ্যে লিগে প্রথম হারের পর লিগের চতুর্থ ইউনাইটেডের (৫৯) চেয়ে পিছিয়ে পড়েছে ৫ পয়েন্টে। আর্সেনাল (৬০) আরও ১ পয়েন্টে এগিয়ে আছে তিনে। লিগের বাকি আর মাত্র ৮ ম্যাচ।
কোচ ব্রেন্ডন রজার্স ম্যাচটার গুরুত্ব বোঝেন, ‘এই ম্যাচ থেকে আমরা অবশ্যই কিছু পেতেই চাইব। লক্ষ্যের কথা যদি বলি, ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের আগে যা ছিল, এই ম্যাচেও তাই থাকবে। কিন্তু এটা মানতেই হবে, ওই ম্যাচে আমাদের ফলটা খুব খারাপ হয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে যেন নিজেদের সেরাটা ঢেলে দিয়ে একটা ইতিবাচক ফল আনতে পারি।’
লিভারপুলের জন্য দুঃসংবাদ, বিদায়ী অধিনায়ক স্টিভেন জেরার্ড ও ডিফেন্ডার মার্টিন স্কারটেলকে ছাড়াই নামতে হবে আজ। ইউনাইটেডের সঙ্গে ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন জেরার্ড, ওই ম্যাচে ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে মাড়িয়ে দেওয়ার জন্য পরে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেখেছেন স্কারটেল। তবে আশার কথা, চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ ও মিডফিল্ডার অ্যাডাম লালানা। আর্সেনালও একটা সুসংবাদ পাচ্ছে, দীর্ঘ চোটের পর অনুশীলনে ফিরেছেন জ্যাক উইলশেয়ার, ম্যাথিউ ডেবুশি, মিকেল আরতেতা ও আবু দিয়াবি।
ইংল্যান্ডের মতো আজ উত্তাপ ছড়াবে জার্মানি-ইতালিতেও। বুন্দেসলিগায় ‘ডার ক্লাসিকারে’ আজ মুখোমুখি বায়ার্ন মিউনিখ-বরুসিয়া ডর্টমুন্ড। গত কয়েক মৌসুমের যে চিত্র, শিরোপা দৌড়ে বায়ার্নের একমাত্র প্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ড, এবার দৃশ্যপট অন্য রকম। ডর্টমুন্ড এবার অবনমন বাঁচাতে লড়ছে। কোচ ইয়ুর্গেন ক্লপের সরল স্বীকারোক্তি, ‘এ মুহূর্তে এটাকে আসলে শিরোপাপ্রত্যাশী দুই দলের লড়াই বলার উপায় নেই। আমরা বায়ার্নের একই সমতলে নেই, সম্ভবত কখনো ছিলামও না। কিন্তু আমাদের কোনো সুযোগ নেই বললে ভুল বলা হবে।’ বায়ার্ন অবশ্য ঠিক স্বস্তিতে নেই, চোটের কারণে রোবেন, রিবেরি, আলাবাকে পাচ্ছে না বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।
ইতালিতে রোমা-নাপোলির দ্বৈরথ উত্তাপ ছড়াচ্ছে অন্য কারণে। গত বছর এই দলের খেলায় ভয়াবহ সংঘর্ষে মারা যান নাপোলির একজন সমর্থক। দাঙ্গার আশঙ্কায় আজ খেলাটা তাই এগিয়ে আনা হয়েছে দুপুরে। এএফপি।