শেষ দিনের রোমাঞ্চকর নাটকে আরও দুঃসংবাদ শুনল মাদ্রিদ

এক বার্সেলোনার সঙ্গে টক্কর দিয়ে লড়াই করেছে মাদ্রিদের দুই ক্লাব। যদিও শেষ পর্যন্ত ট্রফিটা চলে গেল বার্সেলোনাতেই। এবারের স্পেনের শীর্ষ লিগ রাজধানী মাদ্রিদকে দিয়েছে আরও একটা দুঃসংবাদ। বেশ কয়েক মৌসুম ধরেই লা লিগায় মাদ্রিদের চারটি ক্লাব ছিল। এবার দুটি ক্লাবই অবনমিত হয়ে গেছে। বাদ পড়েছে রায়ো ভায়েকানো ও গেটাফে। গেটাফে মাদ্রিদের উপকণ্ঠের একটি ক্লাব।
লা লিগার শিরোপার লড়াই এত জমজমাট ছিল, অনেকে অবনমন অঞ্চলের কথা যেন ভুলেই বসেছিল। সেখানেও কিন্তু লড়াই হয়েছে দুর্দান্ত। অস্তিত্ব রক্ষার লড়াই। নিজেদের টিকিয়ে রাখার লড়াই। কাল স্প্যানিশ লিগের শেষ দিনে আরও রোমাঞ্চকর সব নাটক হলো। মাত্র এক পয়েন্টের কারণে অবনমনের হাত থেকে বেঁচে গেছে গ্রানাডা আর স্পোর্টিং গিজন। গ্রানাডা অবশ্য আগেই সেভিয়াকে হারিয়ে নিশ্চিত করেছিল অবনমন এড়ানো। তবে গিজনের শঙ্কা ছিলই।
গিজন কাল ভিয়ারিয়ালের মতো দলকে ২-০ গোলে হারিয়ে দিয়ে অবনমন এগিয়েছে। কিন্তু রিয়াল বেটিসের কাছে ২-১ গোলে হেরে গেছে গেটাফে। লেভান্তেকে ৩-১ গোলে হারিয়েও শেষ রক্ষা হয়নি ভায়োকানোর। লেভান্তেও বাদ পড়ে গেছে এবার। মাত্র চার মৌসুম আগে এই লেভান্তে লা লিগায় চমক দেখিয়ে ২৮তম রাউন্ড পর্যন্ত ছিল টেবিলের চারে।
দুটি দল বাড় পড়লেও লা লিগায় অবশ্য মাদ্রিদের আরও একটি দল থাকার সম্ভাবনা জেগেছে। দ্বিতীয় বিভাগ সেগুন্ডা ডিভিশনে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লেগানেস। দ্বিতীয় বিভাগে আরও চারটি ম্যাচ বাকি। লেগানেস টেবিলের প্রথম দুটি জায়গার মধ্যে থাকলেও আগামীবার সরাসরি শীর্ষ লিগ খেলবে। যেটি হবে লা লিগায় তাদের প্রথম খেলার অভিজ্ঞতা। লেগানেস কি পারবে? সেগুন্ডাতেও কিন্তু ভালোই লড়াই চলছে। এক নম্বর দল থেকে ছয় নম্বর দলের পয়েন্টে ব্যবধান সাত। ম্যাচ বাকি ৪টি। এই ১২ পয়েন্টের খেলায় অনেক ওলটপালটও হয়ে যেতে পারে!