শেষ ধাপে রিয়াল ছুটছে, বার্সাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ ম্যাচ গোলের দেখা নেই। লুইস সুয়ারেজ গোলখরাটা কাটালেন জোড়া গোল করে। পরশু প্রতিবেশী এসপানিওলকে ৩-০ গোলে হারিয়েছে তাঁর দল বার্সেলোনা l রয়টার্স
পাঁচ ম্যাচ গোলের দেখা নেই। লুইস সুয়ারেজ গোলখরাটা কাটালেন জোড়া গোল করে। পরশু প্রতিবেশী এসপানিওলকে ৩-০ গোলে হারিয়েছে তাঁর দল বার্সেলোনা l রয়টার্স

পরশু লাস পালমাসকে রীতিমতো নাচিয়ে ছেড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্যানারি দ্বীপের দলটিকে তাদেরই মাঠে গুনে গুনে ৫ গোল দিয়েছে ডিয়েগো সিমিওনের দল। কিন্তু ওই গোল উৎসব স্কোরলাইনটাকেই শুধু ফুলিয়ে-ফাঁপিয়ে তুলেছে। খানিক পরই বার্সেলোনার লুইস সুয়ারেজের জোড়া গোল নিশ্চিত করে দিয়েছে লা লিগায় সর্বোচ্চ তৃতীয় হতে পারে এবার অ্যাটলেটিকো।
লা লিগায় নিজেদের শেষ বড় পরীক্ষায় উতরে গেছে বার্সেলোনা। কাতালান ডার্বিতে এসপানিওলকে পরশু ৩-০ গোলে হারিয়েছেন মেসি-সুয়ারেজরা। এসপানিওলের মাঠ বলেই হোঁচট খাওয়ার ভয় ছিল বার্সেলোনার। নিজেদের মাঠে যে বার্সেলোনাকে বরাবরই জ্বালিয়ে ছাড়ে কাতালান প্রতিবেশীরা। প্রথমার্ধ শেষেও সমতা ও রকম কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু রক্ষণের দুটি ভুলকে কাজে লাগিয়ে করা সুয়ারেজের জোড়া গোল এবং সে সঙ্গে ইভান রাকিটিচের গোলে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা।
পাঁচ ম্যাচ পর গোল পেয়েছেন সুয়ারেজ। তবে এ নিয়ে তাঁর কোনো বাড়তি উচ্ছ্বাস নেই, ‘গোল করে অবশ্যই খুশি, যেহেতু এটা দলের কাজে লেগেছে। পাঁচ ম্যাচ গোল পাইনি, এ নিয়ে কোনো বাড়তি চিন্তাও ছিল না। ফুটবলে এসব হয়। দলকে সাহায্য করতে পারাটাই গুরুত্বপূর্ণ, কে গোল করছে সেটা নয়।’
দলকে সাহায্য করাই যদি মূল কথা হয় তবে পরশু মার্সেলোর চেয়ে সুখী আর কেউ নন। ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই লেফটব্যাকের দুর্দান্ত এক শটেই ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার দৌড়ে মুখোমুখি লড়াইয়ে বার্সেলোনা এগিয়ে থাকায়, কোনো ম্যাচেই হোঁচট খাওয়ার ঝুঁকি নিতে রাজি নন মার্সেলো, ‘কঠিন তিনটা পয়েন্ট নিতে পেরে খুশি। বার্নাব্যুতে যারাই আসে, তারা রিয়াল মাদ্রিদকে হারাতে আসে। কিন্তু আজ আমরা কারা সেটা দেখিয়ে দিয়েছি। এখানে আমাদের হারানো কঠিন। সবাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছি এবং জিতেছি। আমরা শেষ পর্যন্ত লড়ব।’
লিগে রিয়ালের বাকি ৪টি ম্যাচ। সমান ৮১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে থাকলেও হাতে তাদের এক ম্যাচ কম। তবে বার্সেলোনার তুলনায় পথটা একটু কঠিন রিয়ালের। নিজেদের মাঠে সেভিয়ার সঙ্গে ম্যাচ ছাড়াও খেলতে হবে সেল্টা ভিগো ও মালাগার মাঠে। এ কারণে পরশু হলুদ কার্ডের কোটা পূরণ করে গ্রানাডা ম্যাচে বসে থাকার পরিকল্পনা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে সে উদ্দেশ্য পূরণ হয়নি, তাই সেভিয়া কিংবা সেল্টা ভিগোর বিপক্ষে খুব সাবধানে খেলতে হবে রোনালদোকে। জেরার্ড পিকেও তাই মাদ্রিদের পয়েন্ট খোয়ানোর আশা ছাড়ছেন না, ‘ভিয়ারিয়ালের বিপক্ষে (বার্সার) কঠিন একটা ম্যাচ আছে। মৌসুমের এ পর্যায়ে সব ম্যাচই কঠিন কিন্তু আমাদের এ চাপটা ধরে রাখতে হবে, যদি মাদ্রিদ হোঁচট খায়।’
লুইস এনরিকের সব ভাবনা অবশ্য নিজেদের ঘিরেই, ‘লা লিগায় যেসব ম্যাচে হেরেছি সেগুলো দেখুন। প্রতিযোগিতার এ অবস্থায় সবই আসলে কঠিন ম্যাচ। আমাদের এখন দুটি লক্ষ্য (কোপা ডেল রে ও লা লিগা) এবং দুটিই জিততে চাই।’ ইএসপিএন, মার্কা।