শেষ নয় লেস্টার-বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুমুটা কার উদ্দেশে, কে জানে! তবে মার্ক অলব্রাইটনের (ডান থেকে দ্বিতীয়) গোলটা লেস্টার সিটি রূপকথায় লিখে দিল নতুন আরেকটি অধ্যায়। পরশু কিং পাওয়ার স্টেডিয়ামে l এএফপি
চুমুটা কার উদ্দেশে, কে জানে! তবে মার্ক অলব্রাইটনের (ডান থেকে দ্বিতীয়) গোলটা লেস্টার সিটি রূপকথায় লিখে দিল নতুন আরেকটি অধ্যায়। পরশু কিং পাওয়ার স্টেডিয়ামে l এএফপি

‘আমরাই হয়তো এবারের সারপ্রাইজ টিম হব।’
প্রথম উক্তিটি জিয়ানলুইজি বুফনের, তাতে ভয়ের শিহরণ আছে। দ্বিতীয়টি লেস্টার কোচ ক্রেইগ শেক্সপিয়ারের, সেটিতে আছে চোখ জ্বলজ্বল করে ওঠা আশার অনুভূতি। কিন্তু দুটি কথায় কত মিল! দুটিই মিলছে একটি নামে—লেস্টার সিটি।
রূপকথা শব্দটা তাদের ঘিরে অনেক ব্যবহৃত হয়েছে। প্রিমিয়ার লিগে রূপকথা লিখে সেটিকে আবার কবরও দিয়ে ফেলেছে, কবর রচিত হয়েছে ক্লদিও রানিয়েরির সঙ্গে লেস্টারের সম্পর্কেরও। কিন্তু পরশু কীর্তিতে আবারও চমকে দিয়েছে লেস্টার, এবার চ্যাম্পিয়নস লিগে। সেভিয়াকে ছিটকে ভার্ডি-মাহরেজরা উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে। সেই সেভিয়া, যারা টানা তিনবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন, স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার সঙ্গে এবার ত্রিমুখী শিরোপা লড়াইয়েও যারা আছে।
এটিই লেস্টার কোচ শেক্সপিয়ারকে আশা দেখাচ্ছে তাঁর দলের এমন আরও ‘বিস্ময়ের’ ব্যাপারে, এ কারণেই লেস্টারকে ভয় বুফনের। পরশু শেষ আটে উঠেছে জুভেন্টাসও। ঘরের মাঠে পাওলো দিবালার পেনাল্টিতে পোর্তোকে হারিয়েছে ১-০ গোলে, দুই লেগ মিলিয়ে জয় ৩-০ গোলে। কিন্তু আগামী শুক্রবার হতে যাওয়া কোয়ার্টার ফাইনালের ড্রতে রিয়াল-বার্সেলোনা-বায়ার্ন-ডর্টমুন্ডের মতো দল নয়, বুফনের ভয় লেস্টারকে!
কেন? বুফনের কাছে সেটির ফুটবলীয় ব্যাখ্যা, ‘ওরা অনেক ভয়ংকর ও আবেগময় একটা দল। আক্রমণ করে খেলে, এমন দলগুলোকে ভোগায়।’ জুভেন্টাসের জন্য অদৃশ্য প্রতিপক্ষ প্রত্যাশার চাপ। তুরিনের ওল্ড লেডিরা ইউরোপের কুলীন দলগুলোর একটি, আর রূপকথা লিখে চলা লেস্টারের এবারই চ্যাম্পিয়নস লিগে অভিষেক। বুফন এটিকেই দেখছেন বড় বিপদ হিসেবে, ‘ওদের বিপক্ষে আমাদের শুধুই হারানোর থাকবে।’
এসবই কি সর্বনাশ করল সেভিয়ার? হয়তো! না হলে দুই লেগে সেভিয়ার দুটি পেনাল্টি মিসের আর কী ব্যাখ্যা হতে পারে! পরশুর ম্যাচে যখন লেস্টার ২-০ গোলে এগিয়ে, পেনাল্টি পায় সেভিয়া। প্রথম লেগে পেনাল্টি পেয়ে মিস করেছিলেন সেভিয়ার হোয়াকুইন, এদিন ‘হোয়াকুইন’ হলেন স্টিভেন এনজনজি।
নাকি অন্তরিক্ষে বসে কেউ চিত্রনাট্যটা এভাবেই লিখছিলেন! যাতে ‘সহযোগী চরিত্রে’ লেস্টারের ঘরের মাঠে দর্শক সমর্থন, সেটিকে প্রেরণা করেই শুরু থেকে সেভিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে চিত্রনাট্যের মুখ্য চরিত্রগুলো—লেস্টারের খেলোয়াড়েরা! ২৭ মিনিটে অধিনায়ক ওয়েস মরগানের গোলের ঠিক ২৭ মিনিট পর মার্ক অলব্রাইটনের গোলে রূপকথাও হলো। সেভিয়ার জন্য যা হয়ে রইল দুঃখগাথা। ৮০ মিনিটে এনজনজির পেনাল্টি মিস, তার ছয় মিনিট আগে সামির নাসরি দেখেন লাল কার্ড। ম্যাচের পরও তাই চিত্রনাট্যটায় বুঁদ হয়ে রইলেন মরগান, ‘অবিশ্বাস্য! এত দূর আসব সেটা কল্পনাও করিনি, কিন্তু এসে গেছি! ক্লাবের ইতিহাসেরই সেরা রাত এটি।’
লেস্টারের হঠাৎ এই পুনর্জাগরণের কৃতিত্ব নতুন কোচ শেক্সপিয়ারের। রানিয়েরির বদলে এসে দলকে জাগিয়ে তুলেছেন, লেস্টারের খেলায়ও ফিরিয়েছে গত মৌসুমের রোমাঞ্চ। গর্ব তো তাঁর হওয়ারই কথা, ‘সেভিয়াকে যেভাবে ছিটকে দিলাম, তাতে খুশি হতেই পারি। বিশেষ করে ইউরোপে ওদের রেকর্ড তো সবাই দেখেছে। তবে আমরা এখানে যোগ্যতার বলেই এসেছি, এতে কোনো ভুল করবেন না।’ ভুললেন না তিনি পূর্বসূরিকেও, ‘ক্লদিও (রানিয়েরি) এখানে যা অর্জন করেছেন, ক্লাবকে যা এনে দিয়েছেন, তাঁকে সবাই ভালোবেসেই মনে রাখবে। ক্লদিও থাকার সময়ে প্রথম লেগের রেজাল্টটাই তো আজকে আমাদের এমন ফল পেতে সাহায্য করেছে।’
রানিয়েরিরও এখন গর্ব না হয়ে পারে না! এএফপি, রয়টার্স।