শেষ পর্যন্ত আরামবাগ না টিঅ্যান্ডটি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল পড়ন্ত বিকেলে হঠাৎ মতিঝিলের রাস্তায় মিছিল! বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে বেরিয়ে সেটি যাচ্ছিল আরামবাগ ক্লাবের দিকে। স্থানীয় কমিশনারসহ ফুটবলের অনেক চেনা মুখের সঙ্গে একদল তরুণকেও দেখা গেল মিছিলে।
একটু আগে বাংলাদেশ পুলিশ দলকে ১-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে আরামবাগ। অর্থাৎ পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ফিরে আসার অপেক্ষায় তারা। কিন্তু ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া আরামবাগকে এরপরও অপেক্ষায় থাকতে হচ্ছে। আজই ভিক্টোরিয়াকে নিজেদের শেষ ম্যাচে হারাতে পারলে টিঅ্যান্ডটি ক্লাবেরও পয়েন্ট হবে ২৩। সে ক্ষেত্রে গোলগড়ে এগিয়ে থেকে টিঅ্যান্ডটিই প্রথমবারের মতো প্রিমিয়ারে যাবে বলে জানিয়েছে বাফুফে। টিঅ্যান্ডটির গোলগড় প্লাস ৫, আরামবাগের প্লাস ২।
টিঅ্যান্ডটি ড্র করলে বা হারলে উত্তর বারিধারার সঙ্গে আরামবাগই উঠবে দেশের শীর্ষ লিগে। আজকের মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে মাঠের বাইরে নানা ‘খেলা’ শুরু হয়ে গেছে বলে শোনা যাচ্ছে! প্রথম পর্বে পুলিশের কাছে ৩-২ গোলে হেরে বাফুফে ভবন ভাঙচুর করা আরামবাগ প্রিমিয়ারের স্বপ্নে বিভোর। কাল ম্যাচের শেষ দিকে জাহেদ পেনাল্টিতে করেন একমাত্র গোলটি। অন্য ম্যাচে কমলাপুরে অগ্রণী ব্যাংককে ২-১ গোলে হারিয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে চ্যাম্পিয়ন উত্তর বারিধারা।