শেষ পর্যন্ত ক্যাম্প শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি। অনুশীলন ক্যাম্প শুরুর আগে বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর পল স্মলি কাল ট্রায়ালের মাধ্যমে বেছে নিয়েছেন ৩০ ফুটবলার। এবারের পাইওনিয়ার লিগের সেরা ২৩ জন, সুপার মক কাপের ২১ জন, ক্রীড়া পরিদপ্তরের অধীনে আয়োজিত ডেভেলপমেন্ট কাপ থেকে ৭ জন এবং বিকেএসপির ৯ জনকে নিয়ে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে হয়েছে ট্রায়াল। এই ৬০ জনকে দেখে স্মলি চূড়ান্ত করেছেন ৩০ জনকে।

এই ফুটবলারদের দু-এক দিনের মধ্যেই খুলনা বা দিনাজপুর বিকেএসপিতে নিয়ে যাওয়া হবে। শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের আবাসিক ক্যাম্প। দুই বছর আগে সিলেটে সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। অথচ এবার বাংলাদেশের যুবারা শিরোপা ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। নেপালে আগামী আগস্টে অনুষ্ঠেয় এবারের টুর্নামেন্টটি হবে অনূর্ধ্ব-১৫ বছর বয়সীদের নিয়ে। অনুশীলনের সুযোগ মিলছে মাত্র এক মাস। যেটি যথেষ্ট নয় বলেই মনে হচ্ছে বাফুফের কোচ সমন্বয়ক কর্মকর্তা যোবায়ের নিপু, ‘এটা সত্যি, আমরা এখন একটু ব্যাকফুটে রয়েছি। আমাদের আরও আগে অনুশীলন শুরু করা উচিত ছিল। অন্য দেশের তুলনায় আমরা পিছিয়েই রয়েছি। আমাদের ফুটবল একাডেমিটা চালু থাকলে এই সমস্যা হতো না। গতবার আমরা সফল হয়েছিলাম, কারণ খেলোয়াড়েরা আগে থেকেই তৈরি হচ্ছিল একাডেমিতে।’