শেষ পর্যন্ত নাইজেরিয়ার কোচ হবেন মরিনিও?

জোসে মরিনিওকে ঘিরে নতুন গুঞ্জন শুরু হয়েছেছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর সিভিতে রিয়াল মাদ্রিদকে কোচিং করানোর, লিগ জেতানোর কথা লেখা। ম্যানচেস্টার ইউনাইটেডকেও ইউরোপা লিগ জিতিয়েছেন। চেলসিতে দুই দফায় লিগ জিতেছেন তিনবার। আর সবকিছুর শুরু তো পোর্তোকে ২০০৪ চ্যাম্পিয়নস লিগ জিতিয়েই হয়েছে। ইতালিয়ান লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগও জিতিয়েছেন ইন্টার মিলানকে।

এখন নাহয় খুব একটা সাফল্যে ভরা সময় যাচ্ছে না জোসে মরিনিওর। টটেনহামের দায়িত্বে তেমন সফল হননি, এই মৌসুম থেকে আছেন ইতালিরই ক্লাব এএস রোমার দায়িত্বে। একটু পর্দার আড়ালেই চলে গেছেন। তাই বলে নাইজেরিয়ার মতো দলের কোচ হবেন মরিনিও?

৫৮ বছর বয়সী পর্তুগিজ কোচকে নিয়ে এই গুঞ্জনই চাউর হয়েছে নতুন করে। একেবারে অমূলকও নয় গুঞ্জনটা! নাইজেরিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি আমাজু পিন্নিকই বলেছেন, মরিনিওর সঙ্গে কথা হয়েছে তাঁর।

ছয় মাসও হয়নি রোমার দায়িত্ব নিয়েছেন মরিনিও। এর মধ্যেই তাঁকে নিয়ে এমন গুঞ্জনে অবাক হতে হয় বটে! ১২ ডিসেম্বর কোচ গেরনট রোরকে বরখাস্ত করে নাইজেরিয়া। এর পর থেকে কোচের খোঁজে আছে ‘সুপার ঈগল’রা। এর মধ্যেই নাইজেরিয়ার ফুটবল ফেডারেশনের প্রধান পিন্নিক জানালেন চমকে দেওয়া তথ্য।

সম্ভাব্য কোচের তালিকায় যে তিনজনকে রেখেছেন তাঁরা, তাঁদের একজন মরিনিও!
নাইজেরিয়ান দৈনিক ডেইলি ট্রাস্টে পিন্নিক জানিয়েছেন তাঁর উচ্চাকাঙ্ক্ষার কথা, ‘অবশ্যই মরিনিও আমাদের ভাবনায় আছেন। আমি আপনাদের এটা বলব না যে মরিনিওর সঙ্গে আমাদের কথা হয়নি। কারণ, আমাদের কথা হয়েছে। ক্রীড়ামন্ত্রীও মরিনিওর সঙ্গে কথা বলেছেন। এখানে ভুল তো কিছু নেই!’

মূলত আগামী ৯ জানুয়ারি থেকে ক্যামেরুনে হতে যাওয়া আফ্রিকান নেশনস কাপের শিরোপায় চোখ রেখেই বড় মাপের একজন কোচ খুঁজছে নাইজেরিয়া। সাবেক কোচ রোর নাইজেরিয়াকে ২০২১ আফ্রিকান নেশনস কাপ এবং ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্বে উঠিয়ে দিয়ে গেছেন। তবে শিরোপার নেশায় বুঁদ নাইজেরিয়া মূল টুর্নামেন্টে আর রোরকে বিদায় জানিয়ে দিয়েছে।

নাইজেরিয়া দল জায়গা করে নিয়েছে কাতার বিশ্বকাপেও
ছবি: এএফপি

এখন নাইজেরিয়ান ফুটবল প্রধান পিন্নিক বেঁধে দিয়েছেন নতুন কোচ নিয়োগের কিছু শর্ত, ‘নতুন কোচের কাছে আমাদের চাওয়া হবে দলে শৃঙ্খলা ঠিক করা। শিরোপা জিততে তিনি কতটা ক্ষুধার্ত, সেটাও দেখব আমরা। কারণ, তিনি ক্ষুধার্ত হলে সেটা অন্য সবকিছুকে ছাপিয়ে যাবে। সে ক্ষেত্রে জয়ের জন্যই তিনি দলে শৃঙ্খলা নিশ্চিত করবেন।’

আগামী সপ্তাহের মধ্যেই কোচ নিয়োগ করা হয়ে যাবে এবং নতুন কোচের অধীনেই নাইজেরিয়া নেশনস কাপ খেলতে যাবে বলেও জানিয়েছেন পিন্নিক।

মরিনিও অবশ্য রোমার দায়িত্বের এই পর্যায়ে একটা জাতীয় দলের কোচ হবেন কি না, তা নিয়ে ঘোর সংশয় থাকছে। তিন বছরের চুক্তিতে গত জুলাইয়ে রোমায় গেছেন তিনি। সেখানে গিয়ে কয়েক বছরের মধ্যে রোমায় ‘শিরোপা জেতার মতো দল গড়ার’ প্রকল্পের কথা তখন বলেছিলেন পর্তুগিজ কোচ।

পেপ গার্দিওলার সঙ্গে জোসে মরিনিওর প্রতিদ্বন্দ্বীতা এখন আর আলোচনার ঝড় তোলে না
ফাইল ছবি: এএফপি

শুরুটা অবশ্য খুব বেশি ভালো হয়নি মরিনিওর। এই মুহূর্তে লিগের ১৯ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার ছয় নম্বরে আছে রোমা (৩২ পয়েন্ট), শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে মরিনিওর দল।

মহাদেশীয় টুর্নামেন্টে অবশ্য ভালোই করছে দলটা। এই মৌসুম থেকে চালু হওয়া ইউরোপের ক্লাব ফুটবলের তৃতীয় স্তরের টুর্নামেন্ট ইউরোপা কনফারেন্স লিগের গ্রুপ পর্বে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে গেছে তারা।

এমন অবস্থায় রোমা ছেড়ে মরিনিওর নাইজেরিয়ার কোচ হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে হচ্ছে। নাইজেরিয়ার সংবাদমাধ্যম পাঞ্চও লিখেছে, মরিনিও নন, নাইজেরিয়ার কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন আরেক পর্তুগিজ কোচ জোসে পেসেইরো।

৬১ বছর বয়সী এই কোচও একসময় রিয়াল মাদ্রিদের ডাগআউটে ছিলেন—তবে সহকারী কোচ হিসেবে। পোর্তোকেও কোচিং করিয়েছেন ২০১৬ সালে। সর্বশেষ ভেনেজুয়েলা জাতীয় দলের কোচ ছিলেন পেসেইরো।