কোচের চোখে
শেষ পর্যন্ত মানচিনির মস্তিষ্কেরই জয়
জমে উঠেছে ইউরো ২০২০-এর লড়াই। জমজমাট নকআউট পর্বে বাংলাদেশ থেকেই চোখ রাখছেন জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মারুফুল হক। সেই দেখা থেকেই প্রথম আলোর পাঠকদের জন্য তাঁর বিশ্লেষণ—
ফুটবল মাঠে ভালো খেলা দল জেতে না সব সময়। পরশু স্পেন–ইতালি ইউরোর রুদ্ধশ্বাস ম্যাচ তারই প্রমাণ। যে ম্যাচে টাইব্রেকারে শেষ হাসি ইতালির, কিন্তু আজ্জুরিরা মোটেও জেতার মতো খেলেনি। তবু জিতেছে কোচ রবার্তো মানচিনির ট্যাকটিকসে, নিজেদের ম্যাচ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারার কৃতিত্বে।
মানচিনি শুরুতে যখন দেখেন, স্পেন বল পজেশনের ব্যাপারে খুবই আক্রমণাত্মক এবং সংগঠিত, মাঝমাঠ এবং উইংয়ে ভালো করছে,, তখনই তিনি ‘প্ল্যান বি’তে চলে এলেন। গোলটাও ওই সময় বের করে নিয়েছে ইতালি। এবং শেষ পর্যন্ত ইতালির ফাইনালে ওঠা মানচিনির মস্তিষ্কেরই ফসল। তিনি হয়তো ভেবেছেন, এই স্পেনের সঙ্গে প্রতি–আক্রমণে জয়সূচক গোলটা পেলে ভালো, নইলে টাইব্রেকারে একটা সুযোগ আসতেই পারে এবং সেটি এসেছে ইতালির সামনে।
স্পেনের ৭১ ভাগ বল পজেশন রেখে লাভ কী হলো? উল্টো প্রতি–আক্রমণে গোল খেল। আন্দ্রেয়া বেলোত্তির পাসগুলো সঠিক হলে নির্ধারিত সময়েই প্রতি–আক্রমণে জয়সূটক গোল পেতে পারত ইতালি। আমি বলব, স্পেনের এত বল পজেশন রাখা ঠিক হয়নি। লুইস এনরিকের একাদশই বলে দিচ্ছিল বল পজেশনেই জোর। কিন্তু ম্যাচ পরিস্থিতিতে কখনো কখনো লম্বা বলেও দ্রুত যেতে হয়। ইতালি যেখানে ৩৮৭টি পাস খেলেছে, সেখানে স্পেনের পাসের সংখ্যা ৯০৮!
ইতালির রক্ষণে দুজন বিশ্ববিখ্যাত সেন্টারব্যাক ছিল। তারপরও স্প্যানিশ কোচ এদিন ফলস নম্বর নাইন খেলিয়েছেন। যদিও এ ভূমিকায় ওলমো বেশ ভালো খেলেছে। তবু ফলস নম্বর নাইনের দরকার ছিল না আমার মতে। আর যদি দরকারই হয়, তাহলে মোরাতাকে শুরু থেকেই একাদশে রাখা যেত। দ্বিতীয়ার্ধে মোরাতা নেমেই গোল করেছে। স্পেন বেশি সুযোগ পেয়েছে তখনই। শুরু থেকেই মোরাতাকে রাখলে ভালো হতো।
অলমোকে প্রায়ই দেখছিলাম মাঝমাঠে চলে আসছে। ফলে স্পেনের মিডফিল্ডার হয়ে যায় ৪ জন, ইতালির ৩। কিন্তু মাঝমাঠে ৩ বনাম ৩ হলে স্পেনের ক্রসগুলো আরও দ্রুত হতো এবং ফল পেত তারা। স্পেন অনেক ক্রস করেছে, কিন্তু বেশি সময় নিয়ে। ফলে কাজের কাজ কিছু হয়নি। ততক্ষণে ইতালির ডিপ ডিফেন্সে কিয়েলিনি, বোনচ্চিরা পজেশন নিয়ে নিয়েছে। বেশি ডিফেন্ডারের মাঝখানে সময় নিয়ে ক্রস করলে আখেরে ফল শূন্য।
মরেনো বারবার আউট সাইডে না গিয়ে ভেতরে ইন করছিল, তখন ইতালির লেফট ব্যাকের জন্য কাজটা কঠিন হয়ে যাচ্ছিল। এ অবস্থায় লেফট ও রাইটব্যাকের জায়গায় আন্তবদল আনেন মানচিনি। কারণ, স্পেন বারবার ডান প্রান্ত দিয়ে আসছিল। তাই মানচিনি তাঁর রাইট ব্যাককে নিয়ে যান লেফটব্যাকে, লেফটকে রাইটে। এভাবে ডান প্রান্ত দিয়ে গড়ে ওঠা আক্রমণগুলো বন্ধ করতে পেরেছে ইতালি।
দুদলই আগের ম্যাচগুলোয় নিচ থেকে বিল্ডআপ করেছে। কিন্তু সেমিতে ইতালির বিল্ডআপ বন্ধ করতে পেরেছে স্পেন। ফলে ইতালি লম্বা মারতে বাধ্য হয়েছে। মাঝমাঠে স্পেনের খেলোয়াড় বেশি থাকায় ওরাই বল দখলের লড়াইয়ে জিতেছে প্রায় সব সময়ই এবং আক্রমণে এসেছে। অন্যদিকে ইতালি শুরুর দিকে প্রতিপক্ষের বিল্ডআপ বন্ধ করলেও পরে এটা সম্ভব নয় ধরে নেন মানচিনি। তাই তিনি ৪–৩–৩ থেকে চলে আসেন ৪–১–৪–১ এ। ইতালি কোচের কৃতিত্ব এখানেই যে প্রথম কিছু সময় মিনিট প্রতিপক্ষের ‘অন ফিল্ড পারফরম্যান্স’ দেখে তিনি দলের খেলার কৌশলটা বদলে ফেলেন। শেষ পর্যন্ত ম্যাচ টাইব্রেকারে নিয়ে জিতেই মাঠ ছেড়েছেন।