শেষ পর্যন্ত রানার্সআপ শেখ জামালই

বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছে শেখ জামালবাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচ আগে গত ২১ আগস্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবলাররা একবার মারামারিতে জড়িয়ে পড়েছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। প্রিমিয়ার লিগে অবনমিত হয়ে যাওয়া ব্রাদার্সের সঙ্গে ড্রয়ের পর মেজাজ হারিয়ে ভিআইপি গ্যালারিতে গিয়ে সেদিন ফুটবলারেরা মারামারি করেছিলেন।

ওই ঘটনায় মাত্র এক লাখ টাকা জরিমানায় পার পেয়ে গেছে দলটি। আজ মোহামেডানের সঙ্গে ম্যাচেও শেষ দিকে লাল কার্ড দেখে মেজাজ হারান শেখ জামালের মিডফিল্ডার ভালিজনভ ওতাবেক। বনানীর আর্মি স্টেডিয়ামে লাল কার্ড দেখে তিনি রেফারির দিকে তেড়ে গেলে সতীর্থরা পরে দৌড়ে গিয়ে তাকে শান্ত করেন। ওতাবেক লাল কার্ড দেখলেও অবশ্য রানার্সআপ হওয়ার আনন্দটা এতটুকু কমেনি সলোমন কিং, ওমর জোবেদের। মোহামেডানকে ২-০ গোলে হারিয়ে লিগে রানার্স আপ হয়েছে শেখ জামাল।

প্রিমিয়ার লিগে রানার্সআপ আপ হওয়ার সুবাদে আগামী মৌসুমে এএফসি কাপের প্লে-অফে খেলার সুযোগ পেয়েছে শেখ জামাল। অবশ্য এএফসি কাপে খেলার আগে পেশাদার দল হিসেবে ক্লাব লাইসেন্স থাকতে হবে তাদের। এরই মধ্যে ক্লাব লাইসেন্সের জন্য আবেদন করেছে শেখ জামাল। যাচাই বাছাই চলছে এই আবেদন। আবেদন প্রক্রিয়া মঞ্জুর হলে সে ক্ষেত্রে প্লে-অফে খেলার সুযোগ মিলবে শেখ জামালের।

মোহামেডানের সঙ্গে শেখ জামালের ম্যাচের মুহুর্ত
বাফুফে

মৌসুম শুরুর আগে খুব বড় লক্ষ্য ছিল না শেখ জামালের। দেশি তারকাহীন দলটি লিগ টেবিলের তিন বা চারে থাকতে পারলেও খুশি হতো। তবে মৌসুম শুরুর আগের প্রত্যাশা এবার ছাপিয়ে গেছে সাবেক চ্যাম্পিয়নদের। চলতি প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের শুরু থেকেই পিছিয়ে পড়ে আবাহনী লিমিটেড। আর রানার্সআপ হওয়ার দৌড়ে এগোতে থাকে শেখ জামাল। শেষ পর্যন্ত আবাহনীকে পেছনে ফেলে রানার্সআপ হলো শেখ জামালই।

আজ নিজেদের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন শেখ জামালের জয়ের নায়ক গাম্বিয়ান অধিনায়ক ও প্লেমেকার সলেমান কিং। শেষ মিনিটে সরাসরি লালকার্ড দেখেন জয়ী দলের উজবেক মিডফিল্ডার ওতাবেক।

শেখ জামাল এর আগে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে তিন বার। সর্বশেষ চ্যাম্পিয়ন ২০১৫-১৪ মৌসুমে। গতবার ষষ্ঠ। গত কয়েক মৌসুম থেকেই আর সেরা দল গড়ছে না শেখ জামাল। মোটামুটি মাঝারি মানের দল নিয়ে খেলছে। তাতেই এবার লিগ রানার্সআপ হওয়া নীল-হলুদ জার্সিধারীদের জন্য একটা সাফল্যই।

আর এই সাফল্যে চার বিদেশির অবদান অনেক। তিন গাম্বিয়ান সোলেমান কিং, ওমর জোবে ও সোলেমান সিল্লাহ আক্রমণে রেখেছেন বড় অবদান। মাঝমাঠে ওতাবেকও নজর কেড়েছেন অসাধারণ পারফরম্যান্স দিয়ে। পাশাপাশি দেশি ডিফেন্ডার রেজাউল করিমের ভালো ভূমিকা ছিল এই রানার্স আপ হওয়ার পেছনে।

গত কয়েক মৌসুম থেকেই আর সেরা দল গড়ছে না শেখ জামাল
বাফুফে

২৪ ম্যাচে এবার শেখ জামালের পয়েন্ট ৫২। ১৫ জয়, ৭ ড্র ও ২ হার। ২৩ ম্যাচে আবাহনীর ৪৬। চ্যাম্পিয়ন বসুন্ধরার ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট। শেষ ম্যাচে বসুন্ধরা কিংসকে হারালেও দ্বিতীয় হওয়ার আর কোনো সুযোগ নেই আকাশি নীলদের। তাই বসুন্ধরা কিংস বনাম আবাহনী শেষ ম্যাচটা হয়ে গেল শুধুই মর্যাদার। এএফসি কাপ খেলতে মালদ্বীপে গিয়েছিল বসুন্ধরা কিংস। যদিও তারা দেশে ফিরেছে। কিন্তু এই ম্যাচের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

আজই আর্মি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ৭২ মিনিটে খালেকুজ্জামানের একমাত্র গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রাসেল লিগ টেবিলের সাতে। পুলিশ ২৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে নয়ে থেকে লিগ শেষ করেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগকে ৩-০ গোলে উড়িয়ে জয় দিয়ে লিগ শেষ করেছে রহমতগঞ্জও। জোড়া গোল করেছেন ফেলিক্স। প্রথমটি পেনাল্টিতে। অন্য গোলটি শাহেদুলের।