শেষ পর্যন্ত রোনালদোই...

তাঁকে একেবারে বোতলবন্দী করে রেখেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোকে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু তিনি যে আলোটা নিজের দিকে টেনে নেবেনই। সাধ্য কার রোখে! এমনকি এই মুহূর্তে বিশ্বের সেরা রক্ষণ-কৌশলধারী কোচেরও!
শেষ পর্যন্ত ১-১ ড্র হওয়া ম্যাচে রোনালদোর পেনাল্টি শ্যুট আউটের শট থেকেই নির্ধারিত হলো ম্যাচের ফল। সটানে জার্সি খুলে বনবন ঘোরালেন। তিনিই তখন উদ্যাপনের কেন্দ্রে। রিয়ালের সাফল্যের কেন্দ্রে কি নন?
কালকের ফাইনালে গোল করতে না পারলেও রোনালদোই রিয়ালের ব্যর্থ হতে হতে সাফল্যমাখা মৌসুম দিয়েই শেষ টানার অন্যতম নায়ক। চোটের কারণে সেমিফাইনালে কার্যত দর্শক হয়ে ছিলেন। ফাইনালেও জাদুকরি কিছু করতে পারেননি। তবে কোয়ার্টার ফাইনালেই ছিটকে পড়ার শঙ্কায় থাকা রিয়ালকে টেনে তুলেছেন রোনালদোই। অবিশ্বাস্য সেই ফিরতি লেগে যেন একাই মিলিয়ে দিয়েছেন আরও বেশি অবিশ্বাস্য এক সমীকরণ।
কাজের কাজ রোনালদো আগেই করে রেখেছিলেন। আর তাই এই মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা তিনিই। শুধু তা-ই নয়, নিজেরই গড়া বিশ্ব রেকর্ডটা ভাঙতে পারলেন না মাত্র এক গোলের জন্য। ১৬ গোল নিয়েই শেষ হলো এবারের যাত্রা। রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্ট লেভানডফস্কির গোল নয়টি। আর রোনালদোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি করেছেন ছয়টি গোল।
এ নিয়ে টানা চতুর্থবার এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হলেন রোনালদো। সব মিলে ক্যারিয়ারে পঞ্চমবার। এবারের আসরেই হ্যাটট্রিক করেছেন তিনটি। সব মিলিয়ে ক্যারিয়ারে পাঁচটি। চ্যাম্পিয়নস লিগে পাঁচ হ্যাটট্রিক আছে কেবল মেসির।
অথচ এই মৌসুমে রোনালদোর ফর্ম নিয়েও কম কথা শুনতে হয়নি। খোদ রিয়াল সমর্থকদের একটি অংশ বুড়ো রোনালদোকে বিক্রি করে দিতে যেন উঠেপড়ে লেগেছিল। সেই ‘বাজে মৌসুমে’ও ৪৮ ম্যাচে রোনালদো করেছেন ৫১ গোল।
একটা জায়গায় তো রোনালদো বাকি সবাইকেই ছাপিয়ে গেলেন। চ্যাম্পিয়নস লিগে তাঁর নামের পাশে গোল ৯৩টি। আগামী মৌসুমেই প্রথম খেলোয়াড় হিসেবে গোলের সেঞ্চুরি করে ফেলতে পারেন। নয় মাস পরে ৩২ পূর্ণ হবে, কিন্তু আবারও এক মৌসুমে গোলের আরও একটি প্রায়-ফিফটি করে রোনালদো বুঝিয়ে দিয়েছেন তিনি খাঁটি হিরে। একটু ধুলোটুলো জমলেও চকচক করবেনই!