শেষ পর্যন্ত লড়াই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজে ৪ গোল করেছেন, সতীর্থদের ৩টি গোলে রেখেছেন অবদান। বলতে গেলে সুয়ারেজে ভর করেই চেনা ছন্দে ফিরল বার্সেলোনা। পরশু দেপোর্তিভোর মাঠ রিয়াজোরে l এএফপি
নিজে ৪ গোল করেছেন, সতীর্থদের ৩টি গোলে রেখেছেন অবদান। বলতে গেলে সুয়ারেজে ভর করেই চেনা ছন্দে ফিরল বার্সেলোনা। পরশু দেপোর্তিভোর মাঠ রিয়াজোরে l এএফপি

আহত সিংহের খোঁচাটা কেমন, দেপোর্তিভো লা করুনিয়া সেটি ভালো করেই হয়তো টের পেল। টানা তিন ম্যাচ হেরে গিয়ে বার্সেলোনা বেশ কোণঠাসাই হয়ে পড়েছিল। সেই বার্সাই গত পরশু এমন গা ঝাড়া দিয়ে জেগে উঠল যে দেপোর্তিভো তাতে ক্ষতবিক্ষত। ৮-০ গোলে ম্যাচটি জিতে এখনো সবার ওপরেই রইল বার্সা। তবে দুই নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল-অ্যাটলেটিকোও জানিয়ে দিয়েছে, মৌসুমের শেষ পর্যন্ত তারা লড়াই করে যাবে। পরশু জিতেছে এই দুই দলও।
দেপোর্তিভোর মাঠে বার্সেলোনার এই জয়টা জয়ের চেয়েও বেশি কিছু। নিজেদের হারিয়ে খোঁজা মেসি-নেইমার-সুয়ারেজদের আবার স্বরূপে ফেরা তো আছেই। সবচেয়ে বড় বিষয়, হারিয়ে ফেলা আত্মবিশ্বাস আবার ফিরে পাওয়া। সেটি সুয়ারেজের চেয়ে ভালোভাবে বোধ হয় আর কেউ ফিরে পাননি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে আগের ম্যাচটিতেই অনেকগুলো সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। সে রকম সুযোগ এদিন সুয়ারেজ কাজে লাগালেন দারুণভাবে। এক ম্যাচে ৪ গোল তো করেছেনই, অন্য ৩ গোলে রেখেছেন অবদান। লা লিগায় প্রতিপক্ষের মাঠে এক ম্যাচে এত বেশি গোল ও অ্যাসিস্ট আর কারও নেই।
সুয়ারেজ অবশ্য নিজেদের কীর্তিটা এক পাশে রেখে দলীয় অর্জনকেই বড় করে দেখলেন, ‘আজ আমরা দেখিয়ে দিলাম, দল হিসেবে আমরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। লিগ জিততে আমরা আরও বেশি উদ্গ্রীব। এখনো এটা আমাদের হাতে আছে।’ তিন ম্যাচের পর বার্সাকে নিয়ে যারা ‘গেল, গেল’ রব তুলেছিল, তাদেরও একটা বার্তা দিলেন, ‘আমরা তো মানুষ, যন্ত্র নই। ভুল আমাদেরও হয়, খারাপ আমরাও খেলতে পারি।’
শুধু সুয়ারেজ নন, ‘এমএসএন’ ত্রয়ীর প্রত্যেকেই পরশু উদ্যাপনের সুযোগ পেয়েছেন। মেসি-নেইমারের গোল দুটি সুয়ারেজেরই বানিয়ে দেওয়া। বার্সার হয়ে বাকি দুটি গোল ইভান রাকিটিচ ও মার্ক বার্ত্রার। লা লিগায় প্রতিপক্ষের মাঠে বার্সার এটি সবচেয়ে বড় জয়। এর আগে অবশ্য ৮-০ ব্যবধানে আরও তিনবার জিতেছিল কাতালানরা।
রিয়াল ও অ্যাটলেটিকো অবশ্য এই রাতে অত দাপুটে জয় পায়নি। ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলের জয়ে অবশ্য রোনালদো উদ্যাপনের সুযোগ পাননি। করিম বেনজেমা, লুকাস ভাসকেজ ও লুকা মদরিচের গোলই এখনো বার্সার সঙ্গে রিয়ালের ব্যবধান রেখেছে ১ পয়েন্ট।
অ্যাটলেটিকোর জয়টা এসেছে অনেক কাঠখড় পুড়িয়েই। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-০ গোলের জয়ে অ্যাটলেটিকোর ত্রাণকর্তা ছিলেন ফার্নান্দো তোরেস। টানা পাঁচ ম্যাচে গোল করলেন তোরেস, বার্সার সঙ্গে একই পয়েন্টে গা লাগিয়ে শিরোপা লড়াইয়ে রইল তাঁর দলও। ম্যাচ শেষে অ্যাটলেটিকো কোচ সিমিওনে বার্সাকে বার্তা দিয়ে রাখলেন, ‘বার্সেলোনাকে শেষ ম্যাচ পর্যন্ত লড়তে হবে, বার্সা যা করেছে, সেটা তাদের জন্য ভালো। কিন্তু আমাদের জন্য প্রতি ম্যাচে ভালো খেলা ও জেতাটাই আসল।’
বোঝাই যাচ্ছে, বাকি চার ম্যাচে আরও অনেক রোমাঞ্চ অপেক্ষা করছে। এএফপি।
দেপোর্তিভো ০: ৮ বার্সেলোনা
বিলবাও ০: ১ অ্যাটলেটিকো
রিয়াল মাদ্রিদ ৩: ০ ভিয়ারিয়াল
*স্বাগতিক দল প্রথমে