লোডভিক ডি ক্রুইফের সঙ্গে বাফুফের একটা বোঝাপড়া হয়েছে। ডাচ কোচকে বরখাস্ত করা হচ্ছে না বা তিনি পদত্যাগও করছেন না। তাঁর বিদায়টা হচ্ছে পারস্পরিক সমঝোতায়।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে কাল ডি ক্রুইফের সভায় দুই পক্ষই পৌঁছেছে নাটকীয় ঐকমত্যে। বিদায়ের আগে সম্পর্কটা যাতে আর তিক্ত না হয়, সেদিকে লক্ষ রেখে তৃতীয় পক্ষ অর্থাৎ ফিফার কাছে যাবে না কেউই। মানে কোচ ১৬ মাসের মধ্যে সাড়ে সাত মাসই হল্যান্ডে ছুটি কাটিয়েছেন বলে অভিযোগ জানাতে ফিফার কাছে যাওয়ার যে হুমকি দিয়েছিল বাফুফে, সেটির এখানেই শেষ।
সমঝোতার বিদায়ে আইনি কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে দুই পক্ষকেই। এটি একটি আন্তর্জাতিক মানের চুক্তি হওয়ায় চাইলেই হুট করে ইতি টানা যাবে না। তাই দুই পক্ষই নিজেদের আইনজীবীদের সঙ্গে কথা বলে বাদবাকি আইনি প্রক্রিয়া শেষ করবে যেটির সময়কাল এক মাস।
আইনগতভাবে সম্পর্কটা শেষ না হওয়া পর্যন্ত কাগজে-কলমে ডি ক্রুইফ বাংলাদেশের কোচ থাকছেন। তবে বাস্তবতা বলছে, তিনি আর বাংলাদেশের সঙ্গে নেই। বাফুফে ভবনে কালকের সভার পর অলিখিতভাবে এই সম্পর্কের ইতি ঘটেছে। এ আলোচনায় ডি ক্রুইফ সঙ্গে নিয়ে আসেন ঢাকার ডাচ দূতাবাসের এক কর্মকর্তাকে। বাফুফে কর্মকর্তাদের মধ্যে সভাপতি কাজী সালাউদ্দিন ছাড়া ছিলেন অন্যতম সহসভাপতি, জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
ধারণা করা হচ্ছিল, সালাউদ্দিনের সঙ্গে ডি ক্রুইফের সভাটা হতে পারে উত্তপ্ত। কিন্তু ১৫ মিনিটের আলোচনাপর্বটা শান্তই ছিল। বাফুফের কঠোর মনোভাব দেখে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধও সেভাবে তোলেননি কোচ, সমঝোতার পথেই হেঁটেছেন। বাফুফের হয়ে মূলত কথা বলেছেন তাবিথ আউয়াল। শেষটা হলো সৌহার্দ্য বিনিময়ে, সালাউদ্দিন শুভকামনা জানিয়ে কোচের সঙ্গে করমর্দন করেন। এর পরই বাফুফে ভবন থেকে দ্রুত বিদায় নেন ডি ক্রুইফ।
দুদিন আগে কোচকে বিদায় দেওয়ার সিদ্ধান্তটি জানিয়েছেন সালাউদ্দিন, তার পর থেকে বিষয়টা ‘টক অব দ্য ফুটবল’। সেটিরই ধারাবাহিকতায় কাল দুপুর থেকে বাফুফে ভবনে সংবাদমাধ্যমের ভিড়। তবে সংবাদমাধ্যমের সঙ্গে এদিন কোনো কথাই বলেননি ডি ক্রুইফ। সালাউদ্দিনের কক্ষ থেকে বেরিয়ে সোজা গাড়িতে ওঠেন। কথা বলেননি সালাউদ্দিনও।
বাফুফের হয়ে সাংবাদিকদের যা বলার বলেছেন তাবিথ আউয়াল। সংবাদ ব্রিফিংয়ে তিনি অবশ্য একটু রহস্য রেখে দেন, ‘বর্তমান চুক্তিটি আর এগিয়ে না নেওয়ার ব্যাপারে আমরা দুই পক্ষই সমঝোতায় পৌঁছেছি। তবে ভবিষ্যতে যে তাঁর সঙ্গে আবার চুক্তি আমাদের হবে না সেটা বলব না, চুক্তি হবে সেটাও বলব না।’
তার মানে কি বর্তমান চুক্তি শেষ করে আবার চুক্তি হতে পারে? এমন প্রশ্নে তাবিথ ঘুরিয়ে-পেঁচিয়ে উত্তর দিয়েছেন, ‘ভবিষ্যতে কী হবে জানি না। তবে বর্তমান চুক্তিটা শেষ করতে আমরা সমঝোতায় এসেছি। আমরা চাই দুই পক্ষই যাতে জিততে পারে। এখন আইনি দিকটা অনুসরণের পর চুক্তি শেষ হবে আনুষ্ঠানিকভাবে।’
বাফুফের একটা ‘জয়’ অবশ্য হয়ে গেছে এরই মধ্যে। সমঝোতা হওয়ায় কোচকে দুই বছরের চুক্তির বাকি আট মাসের টাকা দিতে হবে না। চলতি মাসসহ চার মাসের বেতনই পাবেন ডি ক্রুইফ। তবে সহকারী কোচ রেনে কোস্টার ঢাকায় না ফেরায় তাঁকে নিয়ে কোনো আলোচনাই হয়নি কালকের সভায়। কোস্টারের বিষয়টি নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে বাফুফে।