শেষ বাঁশির আগে ঘটতে পারে যেকোনো কিছু!

>এবারের বিশ্বকাপে ২০টি গোল হয়েছে ৯০ মিনিট কিংবা এর পরে! অথচ এর আগের তিন আসর মিলিয়ে শেষ মুহূর্তে গোল হয়েছিল ১৯টি! এবারের এক আসরই ৯০ কিংবা যোগ করা সময়ের গোলসংখ্যায় ছাপিয়ে গেল ২০০৬, ২০১০ ও ২০১৪কে!
শেষ ভালো যার, সব ভালো তার। কথাটার মানে এবার বেশ ভালোভাবেই বুঝিয়ে দিল রাশিয়া বিশ্বকাপ। শেষ মুহূর্তের গোলে এবার কম ম্যাচের ভাগ্য তো নির্ধারিত হয়নি!
মার্কোস রোহোর ৮৬ মিনিটের গোল আগেভাগেই দেশে ফেরা ঠেকিয়েছে আর্জেন্টিনার। কোস্টারিকার বিপক্ষে যোগ করা সময়ের গোলে জিতেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। হ্যারি কেনের শেষ মুহূর্তের গোলে তিউনিসিয়াকে হারায় ইংল্যান্ড। সুইডেনের বিপক্ষে টনি ক্রুসের দুর্দান্ত ফ্রিকিক জিতিয়েছিল জার্মানিকে। সেই জার্মানিই আবার দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে যোগ করা সময়ের দুই গোলে, তাতে প্রথম রাউন্ড খেলেই ছুটি মিলে গেছে বর্তমান চ্যাম্পিয়নদের।
নখ কামড়ানো রোমাঞ্চকর উত্তেজনা দেখতে যাঁরা মুখিয়ে থাকেন, তাঁদের পোয়াবারো তাতে। সমস্যা হলো ‘দুর্বল হৃদয়ে’র ফুটবল-ভক্তদের, এত উত্তেজনা কী করে সয়েছেন তাঁরা!
২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্বের ৪৮ ম্যাচে গোল হয়েছে ১২২টি। ২৭টিই হয়েছে ম্যাচের ঘড়ির কাঁটা ৮০ মিনিট পেরোনোর পর। যার প্রায় অর্ধেকই (১৩) আবার সরাসরি প্রভাব ফেলেছে ম্যাচের ফলে। ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে ৮০ মিনিট পেরোনোর পর হওয়া ২৬ গোলের মাত্র ৮টি প্রভাব ফেলেছিল ম্যাচের ফলে। ২০১০ বিশ্বকাপে শেষ ১০ মিনিটের ২৫ গোলের মাত্র ৫টি পাল্টে দিয়েছিল ম্যাচের ফল। সময়টা পিছিয়ে ৯০ মিনিটের পরে নিয়ে গেলে গোল পাওয়া যাবে ১৬টি! যোগ করা সময়ের গোল হার-জিত নির্ধারিত করেছে ৬টি ম্যাচে, এই সময়ে গোল করে ম্যাচ হার বাঁচিয়েছে ৩টি দল।
এবারের বিশ্বকাপে ২০টি গোল হয়েছে ৯০ মিনিট কিংবা এর পরে! অথচ এর আগের তিন আসর মিলিয়ে শেষ মুহূর্তে গোল হয়েছিল ১৯টি! এবারের এক আসরই ৯০ কিংবা যোগ করা সময়ের গোলসংখ্যায় ছাপিয়ে গেল ২০০৬, ২০১০ ও ২০১৪কে! ম্যাচের স্কোরলাইন যদি সমতা বা ন্যূনতম ব্যবধানে থাকে; শেষের বাঁশি বাজার আগমুহূর্তেও কিন্তু ঘটে যেতে পারে অনেক কিছু! তাই কষে নিজের সিটবেল্ট বেঁধে নিন নকআউটের রোলার কোস্টারে চড়ার আগে!
শেষ মুহূর্তে এবার কেন এত গোল? নিউইয়র্কভিত্তিক ফুটবল বিশ্লেষক অ্যালেক্স ওলশ্যানস্কি খুব ভালো ব্যাখ্যা দিয়েছেন। মূল দায়টা তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের ওপরেই চাপিয়েছেন। ভিএআরের কারণে যে সময় খরচ হচ্ছে, তা পোষাতে যোগ করা সময়টা হয়ে যাচ্ছে একটু বেশি লম্বা। তাতে গোল হওয়ার সম্ভাবনা যাচ্ছে বেড়ে। কেন, তা জেনে নিই ওলশ্যানস্কির মুখ থেকেই, ‘ডিফেন্ডাররা ক্লান্ত হয়ে পড়ে। সোফায় বসে খেলা দেখাটা খুব সোজা, আমাদের মনেই থাকে না যে এই মানুষগুলো শেষ দেড় ঘণ্টায় মাইল ছয়েকের মতো দৌড়েছে। মাঝে মাঝে দলগুলো শেষ সময়ে এসে খেই হারিয়ে ফেলে।’
প্রথম পর্ব শেষ, আজ থেকে শুরু নকআউটের রোমাঞ্চ। শেষ মুহূর্তের গোল কি এখানেও এমন নির্ধারক হয়ে দাঁড়াবে?
কখন কত গোল | |
প্রথমার্ধ | ৪৭ |
দ্বিতীয়ার্ধ | ৭৫ |
প্রথমার্ধের যোগ করা সময়ে | ৩ |
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে | ১৬ |
প্রথম ১০ মিনিটে | ৮ |
শেষ ১০ মিনিটে | ২৭ |