শেষ মিনিটের গোলে জিতল শ্রীলঙ্কা
বিশাল ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে ঢুকলে চোখ জুড়িয়ে যাবে কে কারোই। ৫৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে ভারতের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে সামনে। একটি বেসরকারি প্রতিষ্ঠান এটির নির্মাতা, প্রতিদিন ভাড়া ২৪ লাখ রুপি।
দর্শক হোক না-হোক ভাড়া দিতেই হবে। সাফ টুর্নামেন্টের প্রথম দিনে গ্যালারি প্রায় শূন্য। স্পনসর সুজুকির টাকায় এখানে সাফ হচ্ছে। নইলে শহর থেকে প্রায় এক ঘণ্টা পেরিয়ে ‘বনের মধ্যে’ দর্শক খেলা দেখতে আসবেন কেন?
তবে যাঁরা এসেছেন, শেষ মিনিটে তাঁদের নাটকীয় এক গোল উপহার দিলেন শ্রীলঙ্কার ফরোয়ার্ড মোহাম্মদ রিফনাস। বক্সের মাঝখান থেকে তাঁর শট নেপালের জালে যেতেই শ্রীলঙ্কার ডাগ-আউটে উৎসব। নেপালকে ১-০ গোলে হারিয়ে নবম সাফ টুর্নামেন্ট জয় দিয়েই শুরু করল লঙ্কানরা। তবে ম্যাচে প্রাধান্য ছিল নেপালেরই।
দুই দলের প্রায় একই রকম জার্সিতে শুরু হয়েছিল ম্যাচ। বিরতির পর অবশ্য নেপালের খেলোয়াড়দের পরতে হয়েছে নীল রঙের জার্সি। জার্সির সঙ্গে তাঁদের ভাগ্যটাও যেন রেখে গিয়েছিল ড্রেসিংরুমে!