বাড়তি সময় দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন চতুর্থ রেফারি। তখন জয় নিয়েই মাঠ ছাড়ার মানসিক প্রস্তুতি ছিল বিজেএমসির খেলোয়াড়-কর্মকর্তাদের। কিন্তু ৯০ মিনিটে রহমতগঞ্জের ডিফেন্ডার মামুন গোল করে ওই মুখগুলোকেই অন্ধকার করে দিলেন। পুরো ম্যাচে এগিয়ে থাকা বিজেএমসি শেষ মুহূর্তে ড্র করে রহমতগঞ্জের কাছে পয়েন্ট খোয়াল।
ঘটনাচক্রে শেষ মিনিটে এমন নাটকীয় ড্র হয়েছে ফেনী সকার-আরামবাগ ম্যাচটিও। শেষ মিনিটে আকবর হোসেনের পেনাল্টি গোলে ড্র (১-১) করে মাঠ ছাড়ে আরামবাগ।
ফেডারেশন কাপের প্রথম ম্যাচে মোহামেডানের সঙ্গে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করেছিল রহমতগঞ্জ। কাল কোনোক্রমে হার এড়িয়েছে।
শুরুতে প্রায় একই রঙের (হালকা সবুজ ও গাঢ় সবুজ) জার্সি পরে খেলতে নেমেছিল দুই দল। প্রথমার্ধের পর ম্যাচ কমিশনারের নির্দেশে জার্সি বদলে খেলতে নামে বিজেএমসি। জার্সি বদলে খেলার গতিও যেন বদলে যায় বিজেএমসির। ৬৪ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে আবদুল্লাহ পারভেজের ফ্রি-কিক, প্লেসিং শটে জালে জড়ান স্যামসান ইলিয়াসু। ৯০ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল বিজেএমসির গোলরক্ষক আরিফুজ্জামান হিমেলের হাত ফসকে বেরিয়ে গেলে ফিরতি বলে প্লেসিংয়ে সমতা ফেরান রহমতগঞ্জের মামুন।
শেষ আটে আরামবাগ : গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আবাহনীকে হারিয়েছিল আরামবাগ। পরের ম্যাচে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল—এমন সমীকরণ সামনে রেখে কাল ফেনীর সঙ্গে তাদের খেলতে নামা। আরামবাগ অবশ্য জিতেই মাঠ ছাড়তে পারত, কিন্তু শেষ মিনিটের নাটকীয়তায় ড্র করেই উঠতে হলো কোয়ার্টার ফাইনালে উঠল।
ম্যাচ শুরুর আগে একপশলা বৃষ্টিতে মাঠ হয়ে পড়ে ভারী। এমন কাদা-মাঠে দুই দলের কেউই স্বাভাবিক খেলা খেলতে পারেননি। দুই দলই গোলের একাধিক সুযোগ পেয়েছে। সুযোগ নষ্ট করেছেন ফেনীর ফরোয়ার্ড চৌম্রিন রাখাইন, আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার আকনও। কিন্তু ম্যাচের সব নাটকীয়তা যেন শুরু হলো ৯০ মিনিট থেকে। বক্সের সামান্য বাইরে ফ্রি-কিক পায় আরামবাগ, কেস্টার আকনের গোলে এগিয়ে যায় তারা। এরপর যোগ হওয়া সময়ে বক্সের মধ্যে ফেনীর শরণ হাওলাদারকে ফেলে দেন আরামবাগের ডিফেন্ডার ভাসানী। ওই পেনাল্টি থেকে গোল করেই ফেনী সকারকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন অধিনায়ক আকবর হোসেন।
আজকের খেলা: চট্ট. আবাহনী-মুক্তিযোদ্ধা, ব্রাদার্স-বারিধারা (বিকেল ৪টা ও সন্ধ্যা ৭-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।