শেষ মুহূর্তে হার এড়াল বায়ার্ন

কিংসলে কোমানের গোলে হার এড়ায় বায়ার্নছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেড বুল অ্যারেনায় খেলা শুরুর বাঁশি বাজতেই নতুন ইতিহাসের জন্ম দেন সালজবুর্গ ও বায়ার্ন মিউনিখের দুই কোচ।

চ্যাম্পিয়নস লিগের এটাই প্রথম ম্যাচ, যেখানে দুই দলের কোচের বয়স পঁয়ত্রিশের নিচে। সালজবুর্গের ম্যাথিয়াস জেইসলের বয়স ৩৩, বায়ার্নের ইউলিয়ান নাগালসমান ৩৪।

নতুন ইতিহাসের উঁকিঝুঁকি এতটুকুতে সীমাবদ্ধ থাকলে বায়ার্ন নিশ্চিন্ত থাকতে পারত। কিন্তু ২১ মিনিটে বিপত্তিটা বাঁধান অস্ট্রিয়ান ক্লাবটির নাইজেরিয়ান বংশোদ্ভুত ফরোয়ার্ড চুকুবুইকে আদামু। চোটের কারণে ১২ মিনিটে বদলি হয়ে নামার ৯ মিনিটের মাথায় তিনি গোল করে বসেন।

সেই গোল শোধ করতে বায়ার্নকে অপেক্ষা করতে হয় নির্ধারিত সময়ের শেষ মিনিট পর্যন্ত। তার আগ পর্যন্ত বায়ার্নের বিপক্ষে চোখ রাঙিয়েছে হার এবং হারের কারণে নতুন ইতিহাসের উঁকিঝুঁকি। ইউরোপের আঙিনায় পুঁচকে সালজবুর্গ এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বে খেলছে।

বায়ার্নের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে সালজবুর্গ
ছবি: রয়টার্স

এমন দলের কাছে শেষ ষোলো প্রথম লেগে হারলে জার্মানির সেরা ক্লাবটিকে মুখ লুকোতে হতো। ভাগ্যিস, টমাস মিলারের 'ফ্লিক' থেকে গোল করেছিলেন উইঙ্গার কিংসলে কোমান। প্রতিপক্ষের মাঠে ১-১ গোলের ড্রয়ে শেষ পর্যন্ত স্বস্তি পেয়েছে বায়ার্ন।

বুন্দেসলিগায় বোচামের কাছে ৪-২ গোলের হার নিয়ে অস্ট্রিয়ায় গিয়েছিল জার্মান ক্লাবটি। গ্রুপপর্বে সব ম্যাচ জেতা নাগালসমানের দলই এ ম্যাচে ফেবারিট ছিল। কিন্তু মুলার, রবার্ট লেফানডভস্কিদের কাছ থেকে বায়ার্নের চিরায়ত গতিময় খেলাটা দেখা যায়নি।

অন্যদিকে ২০০৩ সালে আয়াক্সের পর চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ (২৩ বছর ২৪২ দিন) দল খেলানো সালজবুর্গের খেলায়ও তারুণ্যের ছাপ ছিল। দুরপাল্লার পাসের সঙ্গে প্রচুর দৌড়ে খেলেছে দলটি।

নোহা ওকাফোর চোট পাওয়ায় বদলি হয়ে নামা আদামু বক্সের বাইরে থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টির আবেদন করেও পায়নি সালজবুর্গ। বায়ার্ন ফুলব্যাক বেনজামিন পাভার্দ সালজবুর্গের করিম আদেমিকে বক্সে মারাত্মক ফাউল করলেও পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি।

বিরতির পর শুরুর দিকে গোলের পরিস্কার সুযোগ তৈরি করতে পারেনি বায়ার্ন। তবে ১০ মিনিট বাকি থাকতে এগিয়ে যেতে পারত সালজবুর্গ। কাপালদোর শট রুখে দেন বায়ার্ন গোলকিপার সভেন উলরিখ। ফিরতি বলে আদামুর শট গোললাইন থেকে ফেরান পাভার্দ। বায়ার্নের েতারকা স্ট্রাইকার লেভানডফস্কি এ ম্যাচে গোলপোস্ট তাক করে একটি শটও নিতে পারেননি।