শেষ মুহূর্তের গোলে হারল শেখ জামাল
এএফসি কাপ ফুটবল টুর্নামেন্টে পয়েন্টের মুখ দেখতে দেখতে আবারও হেরে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ মালয়েশিয়ার সেলাঙ্গর এফএর সঙ্গে ১-১ গোলে ম্যাচ যখন শেষের পথে, তখনই সর্বনাশটা করেছেন সেলাঙ্গরের প্যাট্রিক। তাঁর গোলে ম্যাচ জিতে নিয়েছে সেলাঙ্গর। টুর্নামেন্টে এটি শেখ জামালের চতুর্থ ম্যাচ এবং সব ম্যাচ হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তাদের।
মালয়েশিয়ার এই সেলাঙ্গর এফএর সঙ্গে ঢাকায় দুবার এগিয়েও শেখ জামাল হেরেছিল ৪-৩ গোলে। আজ অবশ্য সেলাঙ্গরের মাঠে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসে শেখ জামাল। ৫৮ মিনিটে সেলাঙ্গর ১০ জনের দলে পরিণত হয়েছিল, তারপরও জিততে পারেনি শেখ জামাল। ১৭ মিনিটে আহমেদ হাজওয়ান বাকরির গোলে এগিয়ে গিয়েছিল সেলাঙ্গর। ৩৬ মিনিটে গোল শোধ করেছেন শেখ জামালের ল্যান্ডিং দারবোয়ে। ১০ জনের দলের বিপক্ষে যখন জয়ের সুযোগ, ৬৯ মিনিটে শেখ জামালও হয়ে গেল ১০ জনের দল। ডিফেন্ডার ইয়াসিন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী দলের নাম সেলাঙ্গর।