শেষ মুহূর্তের গোলের 'স্পেশালিস্ট' ফ্রান্স!

প্রথম দল হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। তবে দ্বিতীয় রাউন্ডে পা রাখার আগে ফ্রান্সকে মোকাবিলা করতে হয়েছে আলবেনিয়ার প্রতিরোধ।
আলবেনিয়ার প্রতিরোধ ভেঙে ফ্রান্সের জয় ২-০ গোলে। তবে ম্যাচের ৯০তম মিনিট পর্যন্ত খেলাটি ছিল গোলশূন্য। খেলাটি যখন নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে, ঠিক তখনই ফ্রান্সের ত্রাণকর্তা আতোয়াঁ গ্রিজমান। ৯০ মিনিটের ঘরেই নিখুঁত হেড থেকে গোলটি করেন গ্রিজমান। যোগ করা সময়ে দিমিত্রি পায়েতের আরও এক গোল ফ্রান্সের জয়ের আনন্দকে বাড়িয়ে দেয়।
রোমানিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও শেষ মুহূর্তের গোলেই জয় ছিনিয়ে নিয়েছিল ফ্রান্স। অলিভিয়ের জিরুর পাশাপাশি শেষ মুহূর্তের গোলটি করেছিলেন এই পায়েতই। কালও আলবেনিয়ার বিপক্ষে গোলের পর তো তাঁকে শেষ মুহূর্তের গোল করার বিশেষজ্ঞই বলা উচিত। পায়েত অবশ্য বলেছেন, তিনি নন, তাঁর দলই এই বিশেষ ক্ষমতার অধিকারী, ‘ফ্রান্স ইউরোর প্রথম দুটো ম্যাচে শেষ মুহূর্তের গোলে জিতলেও দলটা অনেকবারই প্রমাণ করেছে ম্যাচের যেকোনো সময় গোল করতে পারে তারা।’
তবে ব্যাপারটা অভ্যাসে পরিণত হচ্ছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন কোচ দিদিয়ের দেশম। তিনি অবশ্য শেষ মুহূর্তের উদ্বেগটা না নিয়ে খেলার ফল নির্ধারণী গোলটা চান আরও আগেই, ‘হ্যাঁ, ব্যাপারটা অভ্যাসে পরিণত হচ্ছে, তবে আমি চাই গোলটা আগেভাগেই পেতে।’
আলবেনিয়ার বিপক্ষে প্রথমার্ধ খুব ভালো না খেললেও দ্বিতীয়ার্ধে ফ্রান্স জ্বলে উঠেছিল নিজেদের মতো করেই। কিন্তু স্ট্রাইকারদের একের পর এক প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে যাচ্ছিল তখন মার্শেইয়ের মাঠে হতাশার মাত্রাটা বোঝা যাচ্ছিল খুব ভালো করেই। দেশম বলেছেন, তিনি ম্যাচটা জিতছেন, এই আশা গোল হওয়ার আগ মুহূর্ত পর্যন্তই করেছেন, ‘খেলার শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে গোল পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকেই। বিশেষ করে ওই ধরনের দলের বিপক্ষে, যাদের বিপক্ষে জয়টা আপনার প্রত্যাশিতই।’
পায়েতও কোচকে আশ্বস্ত করছেন আগেভাগে গোলের চেষ্টাই তাঁরা করবেন। তবে ৯০ মিনিট পর্যন্তও সেই চেষ্টা সফল না হলেও যে আশা থাকবে, তাও জানিয়ে রাখলেন, ‘খেলার শেষ মুহূর্তে গোল করার ব্যাপারটি আমাদের দলের জন্য একেবারেই নতুন নয়। গত মার্চে হল্যান্ডের বিপক্ষেও একইভাবে আমরা জিতেছি। আমরা অনেক সময়ই দেরিতে গোল করে জিতেছি। আমরা ধৈর্য নিয়ে খেলি। নিজেদের ওপর বিশ্বাস রাখি। গোল করতে চাই আগেভাগেই। তবে আজ আলবেনিয়ার বিপক্ষে বদলি গ্রিজমান করে দিয়ে গেছে কাজের কাজটা।’ সূত্র: রয়টার্স।