শেষ মুহূর্তের ধাক্কা, তবু স্বপ্ন দেখছে লিভারপুল

নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে, যে কোনো মুহূর্তেই শেষ বাঁশি বাজতে পারে। হঠাৎ করেই ব্রুনোর দারুণ একটা পাস থেকে ফাঁকায় বল পেয়ে গেলেন ভিয়ারিয়ালের ডেনিস সুয়ারেজ। নিজেই গোল করতে পারতেন, কিন্তু বলটা ঠেলে দিলেন আদ্রিয়ান লোপেজের দিকে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলেননি লোপেজ, গোল করে এল মাদ্রিগালে এনে দিলেন হলুদের উচ্ছ্বাস। ইউরোপা লিগের সেমিফাইনালে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে গেল লিভারপুল। ফাইনালে উঠতে হলে অ্যানফিল্ডে আবারও প্রত্যাবর্তনের গল্প লিখতে হবে।
ইউরোপের দ্বিতীয় শীর্ষ ক্লাব টুর্নামেন্টে কাল স্পেনের জন্য ভালোই একটা রাত কাটল। দিনের অন্য ম্যাচে শাখতার দোনেৎস্কের মাঠে গিয়ে ২-২ গোলে ড্র করে এসেছে সেভিয়া। দুটি অ্যাওয়ে গোল অনেক এগিয়ে রেখেছে তাদের। এগিয়ে থাকল ভিয়ারিয়ালও। তবে কি আবারও ইউরোপা লিগ অল-স্প্যানিশ ফাইনাল?
লিভারপুল কিন্তু এখনো আশাবাদী। বিশেষ করে কাল যেমন খেলল তারা। গোলশূন্য ড্রতেই শেষ হতে বসা ম্যাচটাও কিন্তু দারুণ রোমাঞ্চকর ছিল। দুই দলের গোলরক্ষক আর পোস্ট বাধা না হয়ে দাঁড়ালে ফলটা অন্যরকমও হতে পারত। লিভারপুলের গোলরক্ষক সিমোনে মিনিয়োলেত গোটা দুই দারুণ সেভ করেছেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিয়ারিয়ালের সেড্রিক বাকাম্বুর শট ফিরে আসে পোস্টে লাগে। পরে রবার্ট ফিরমিনহোও লিভারপুলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তাঁর শটটাও দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন ভিয়ারিয়াল গোলরক্ষক আসেনজো। সেটি আবার পোস্টে লেগে যাওয়ায় গোল হয়নি।
শেষ সময়ে এমন একটা গোল খাওয়ায় লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ হতাশ হতেই পারেন। তবে সেটি ঝেড়ে ফেলেই ক্লপ তাকাচ্ছেন পরের লেগের দিকে, ‘অবশ্যই শেষ মুহূর্তের ওই গোল নিয়ে আমি খুশি নই। ৯২ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল খাওয়ার আসলে কোনো মানে হয় না। কিন্তু এখনো ৯০ মিনিট বাকি আছে। আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল না, তবে সবাই জানে অ্যানফিল্ডে আমরা কতটা শক্তিশালী।’
ভিয়ারিয়ালের কোচ মার্সেলিনহোর অবশ্য এসব ভাবার সময় নেই। চোখে ফাইনালের স্বপ্ন আঁকতে শুরু করেছেন, ‘এই দল নিয়ে আমি দারুণ গর্বিত। এখনো অনেকটা পথ বাকি, তবে আমরা ফাইনালের আরেকটু কাছে চলে এসেছি।’ সূত্র: এএফপি।