শেষ মুহূর্তের গোলে ঘাম দিয়ে জ্বর ছাড়ল আতলেতিকোর

গোল পেয়েছেন লুইস সুয়ারেজছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা - লিগের সবচেয়ে নামীদামী দুই ক্লাবের অবস্থাই তেমন ভালো নয়। যে সুবিধাটা গতবার নিয়েছিল আতলেতিকো, লিগ জিতে। এবারও লিগ জেতার সম্ভাবনা তাঁদেরই সবচেয়ে বেশি।

লিগ জেতার সেই স্বপ্নে আরেকটু হলে বড়সড় ধাক্কা খেতে বসেছিল তাঁরা। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডারের 'বদান্যতায়' এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আতলেতিকো। ২-২ গোলে ড্র করেছে ভিয়ারিয়ালের সঙ্গে।

ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল ভিয়ারিয়ালই। স্প্যানিশ ফরোয়ার্ড ইয়েরেমি পিনিওর সহায়তায় ৫২ মিনিটে গোল পেয়ে যান স্প্যানিশ মিডফিল্ডার মানু ত্রিগেরোস। গোল শোধ করতে আতলেতিকো সময় নেয় মোটে চার মিনিট। আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোরেয়ার সহায়তায় ম্যাচে সমতা ফেরান লুইস সুয়ারেজ।

৭৪ মিনিটে আবারও সহায়তাকারীর ভূমিকায় ইয়েরেমি পিনিও, এবার গোলদাতা দলে নতুন আসা ডাচ ফরোয়ার্ড আরনো দানজুমা। কিছুদিন আগেই ইংলিশ ক্লাব বোর্নমাথ থেকে প্রায় দুই কোটি ইউরোর বিনিময়ে ভিয়ারিয়ালে নাম লিখিয়েছেন দানজুমা। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের একটা দল থেকে এত বেশি দামে কোনো খেলোয়াড়কে কেন কিনেছে ভিয়ারিয়াল, দানজুমা বুঝিয়ে দিয়েছেন সেটা।

গোলের পর দানজুমার উল্লাস
ছবি : রয়টার্স

ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছিল, দানজুমার ওই গোলটাই ভাগ্য গড়ে দেবে। লিগের প্রথম পরাজয় বরণ করবে আতলেতিকো। কিন্তু কীসের কি! আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনের ভাগ্য খুলে দিলেন স্বদেশি গোলকিপার জিরোনিমো রুইয়ি। এককালে বেশ প্রতিভাবান হিসেবে পরিচিতি পাওয়া এই গোলকিপার কেন জাতীয় দলে সেভাবে সুযোগ পাননি, আজ বোঝা গেল আবারও।

রুইয়ির সঙ্গে দলের আলজেরিয়ান ডিফেন্ডার আইসা মান্দির ভুল বোঝাবোঝির কারণে হয়ে যায় আত্মঘাতী গোল। মাঠের বাঁ প্রান্ত থেকে আতলেতিকো মাদ্রিদের এক খেলোয়াড়ের ক্রস হেড করে বিপদমুক্ত করতে চেয়েছিলেন সদ্যই রিয়াল বেতিস থেকে ভিয়ারিয়ালে নাম লেখানো মান্দি। ভেবেছিলেন, তাঁর হেড সামলানোর জন্য সামনে থাকবেন রুইয়ি।

এভাবে পয়েন্ট খোয়াতে হবে, ভাবতেও পারেননি মান্দি!
ছবি : রয়টার্স

কিন্তু ওদিকে রুইয়িও নিজের অবস্থান ভুলে সরে এসেছিলেন গোলপোস্ট থেকে বেশ দূরে। মান্দির সেই হেড তাই রুইয়ির হাতে নয়, সরাসরি জালে জড়ায়। আর ম্যাচের একদম শেষ মুহূর্তে এসে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।

তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। শীর্ষ চার স্থানে আছে যথাক্রমে রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, সেভিয়া ও বার্সেলোনা। সবার পয়েন্টই সাত করে। গোল ব্যবধানে শীর্ষে আছে রিয়াল।