শেষ ম্যাচে বার্সার হোঁচট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা লিগোর শিরোপাটা নিজেদের করে নেওয়া হয়েছিল আগেই। কাল অধিনায়ক জাভির হাতে উঠল আনুষ্ঠানিক ট্রফিটা ছবি: রয়টার্স।
লা লিগোর শিরোপাটা নিজেদের করে নেওয়া হয়েছিল আগেই। কাল অধিনায়ক জাভির হাতে উঠল আনুষ্ঠানিক ট্রফিটা ছবি: রয়টার্স।

মেসির জোড়া গোল লিগের শেষ ম্যাচটা আনন্দময়ই করে তুলেছিল বার্সেলোনার। জাভি হার্নান্দেজের বিদায়ের লগ্নটা স্মরণীয় করে রাখার আয়োজনগুলো অপেক্ষায় ছিল উৎসবের ডঙ্কা হাতে নিয়েই। উৎসবটা শেষ পর্যন্ত হল, কিন্তু বার্সেলোনা সমর্থকেরা আনন্দের নির্যাসটা পুরোপুরি উপভোগ করতে পারলেন না। শেষ ম্যাচটায় যে দেপোর্তিভোর সঙ্গে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিই সঙ্গী হয়েছে বার্সেলোনার। ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ ২৫ মিনিটে দুই গোল হজম করে বার্সেলোনার শিরোপা জয়ের উৎসবটা শেষ পর্যন্ত যেন একটু বেসুরো।
বার্সার একটি পয়েন্ট ছিনিয়ে নিয়ে দেপোর্তিভো যেন মেতে উঠল শিরোপা জয়ের উৎসবেই। কারণ এই অমীমাংসায় অবনমনের হাত থেকে যে রেহাই পেয়েছে তারা।
শনিবার ন্যু ক্যাম্প ছিল পুরোটাই জাভিময়। ১৭ বছরের অবস্থান তো যা-তা কোনো বিষয় নয়। বার্সার সমর্থকেরা তাই শতভাগ ভালোবাসাই ঢেলে দেন এই তারকার প্রতি। তাঁর পায়ে বল গেলেও তুমুল হর্ষধ্বণিতে উন্মাতাল হয়ে উঠছিল ন্যু ক্যাম্প। ম্যাচের পঞ্চম মিনিটেই ন্যু ক্যাম্পের উৎসবকে অন্যমাত্রা দেন লিওনেল মেসি। রাফিনিয়ার মাপা ক্রসটি বাম দিক দিয়ে উড়ে এলে মাপা হেডে তিনি পরাভূত করেন দেপোর্তিভো গোলরক্ষক ফ্যাব্রিসিওকে। খেলার চতুর্দশ মিনিটে মেসি একটি গোল করেছিলেন বটে, কিন্তু অফসাইডের অজুহাতে তা বাতিল হয়ে যায়। ১৭ তম মিনিটে মেসিকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন ওই ফ্যাব্রিসিও। ফিরতি বলে পেদ্রোর শটটিও অসাধারণ দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন তিনি। ৫৯ মিনিটে অবশ্য মেসির গোলেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। গোলটি আসে বাম দিক দিয়ে নেইমারের কাছ থেকে পাস পেয়ে।
দুই গোলে এগিয়ে যাওয়ার পর আসন্ন উৎসবের অপেক্ষাতেই কিনা, মনোযোগে ঘাটতি দেখা দেয় বার্সেলোনা খেলোয়াড়দের। এই সুযোগে ব্যবধান ৬৭ মিনিটে ব্যবধান কমান লুকাস পেরেস। ৭৬ মিনিটে ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দিয়ে সমতা ফিরিয়ে আনেন সালোমাওয়ের। সূত্র: রয়টার্স।