শেষ যেবার বার্নাব্যুতে ডার্বি জিতেছিল রিয়াল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের মাঠের জয় খরা কাটাতে পারবেন রোনালদো? ছবি: রিয়াল মাদ্রিদ
নিজেদের মাঠের জয় খরা কাটাতে পারবেন রোনালদো? ছবি: রিয়াল মাদ্রিদ
>
  • লিগে নিজেদের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে টানা ৪ ম্যাচ জয়হীন রিয়াল
  • সর্বশেষ ২০১২ সালের ১ ডিসেম্বর অ্যাটলেটিকোকে হারিয়েছিলেন রামোস-রোনালদোরা

শিরোপা নির্ধারণী ম্যাচ নয়, তবু আজকের মাদ্রিদ ডার্বি আলাদা গুরুত্ব পাচ্ছেই। নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ জিতলেই লিগের দ্বিতীয়স্থান প্রায় নিশ্চিত হয়ে যাবে। আর রিয়ালের জন্য এ ম্যাচ মর্যাদার, সে সঙ্গে দ্বিতীয়স্থান পুনরুদ্ধারের শেষ চেষ্টাও। নিজেদের মাঠে খেলা রিয়ালের। সে হিসেবে জিনেদিন জিদানের দলই এগিয়ে থাকার কথা। কিন্তু সাম্প্রতিক রেকর্ড বলছে উল্টো কথা। নিজেদের মাঠেই যে অ্যাটলেটিকো হারাতে পারছে না রিয়াল!

না, চ্যাম্পিয়নস লিগের হিসাব এখানে আনা হচ্ছে না। দুই মৌসুমের ব্যবধানে দুটো চ্যাম্পিয়নস লিগে দেখা হয়েছে দুই দলের। প্রতিবারই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। কিন্তু যখনই প্রসঙ্গটা লিগ ম্যাচের তখনই ভিন্ন কিছু দেখতে হচ্ছে তাদের। ২০১২ সালের ১ ডিসেম্বর বার্নাব্যুতে অ্যাটলেটিকোর কোচ হিসেবে প্রথম এসেছিলেন ডিয়েগো সিমিওনে। ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসুত ওজিলের গোলে সেবার হার নিয়ে মাঠ ছেড়েছেন সিমিওনে। সেটাই ছিল শেষবার! সে ম্যাচের পর বদলি গেছে অনেক কিছু—

রিয়ালের তিন, অ্যাটলেটিকোর পাঁচ
২০১২ সালের ডার্বিতে রিয়ালের যে একাদশ নেমেছিল সে দলের আর মাত্র তিনজনই খেলছেন রিয়ালে। রোনালদো ছাড়াও সেদিন মাঠে শুরু থেকে ছিলেন সার্জিও রামোস ও করিম বেনজেমা। সেদিনের অধিনায়ক ইকার ক্যাসিয়াস এখন পোর্তোতে। জাবি আলোনসো ও আরবেলোয়া তো অবসরই নিয়েছেন।
আর সেদিনের হারের সাক্ষী পাঁচজন আছেন অ্যাটলেটিকোর বর্তমান স্কোয়াডে। গাবি, হুয়ানফ্রান, গডিন, কোকে এখনো খেলছেন অ্যাটলেটিকোর হয়ে। মাঝে চেলসিতে তিন মৌসুম কাটিয়ে ডিয়েগো কস্তা ফিরেছেন সিমিওনের অধীনে।

১৪ শিরোপা
বার্নাব্যুর সে ম্যাচের পর দুই দল জিতেছে ১৪ শিরোপা! ২০১২-১৩ মৌসুমের কোপা দেল রের জেতার পরে মৌসুমে লিগও জিতেছে অ্যাটলেটিকো। আর রিয়াল এ সময়ে জিতেছে ১৪ শিরোপা। তিনটি চ্যাম্পিয়নস লিগে, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, তিনটি ক্লাব বিশ্বকাপ জেতার সঙ্গে একটি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে রিয়াল।

রোনালদোর ৪ ব্যালন ডি’ অর
পাঁচটি ব্যালন ডি’অর জিতে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন রোনালদো। অথচ শেষ যেবার অ্যাটলেটিকোকে বার্নাব্যুতে হারিয়েছিল রিয়াল তখনো রোনালদোর ট্রফি কেসে মাত্র একটি ব্যালন ডি’ অর ছিল। সেটাও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জয় করা। ২০১২ সালের সে জয়ের পর রোনালদো জিতেছেন আরও চারটি ব্যালন।

অ্যাটলেটিকো ৫-২ রিয়াল
গত চার মৌসুমে তিনটি জয় ও একটি ম্যাচ ড্র করেছেন সিমিওনে। এ চার ম্যাচে রিয়াল মাত্র ২ গোল করতে পেরেছে। আর অ্যাটলেটিকো করেছে ৫ গোল।